ভারত ও মালয়েশিয়া বাণিজ্য, নিরাপত্তা ও প্রযুক্তি খাতে সহযোগিতা আরো জোরদার করার অঙ্গীকার করেছে। বিশেষ করে সেমিকন্ডাক্টর শিল্পে অংশীদারিত্ব গভীর করার ওপর গুরুত্ব দিয়েছে দুই দেশ।
এক দশকেরও বেশি সময় পর শনিবার (৮ ফেব্রুয়ারি) মালয়েশিয়ায় পৌঁছান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এটি তার প্রথম মালয়েশিয়া সফর। সফরকালে তিনি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠক করেন এবং নবায়নযোগ্য জ্বালানি, স্বাস্থ্যসেবা ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে একাধিক চুক্তি স্বাক্ষর করেন।
বৈঠকের পর মোদি বলেন, এআই ও ডিজিটাল প্রযুক্তির পাশাপাশি সেমিকন্ডাক্টর, স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা খাতে দুই দেশের অংশীদারিত্ব আরও সম্প্রসারণ করা হবে। অন্যদিকে মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রজায়ায় এক সংবাদ সম্মেলনে আনোয়ার ইব্রাহিম বলেন, এই বৈঠক দুই দেশের সম্পর্ককে আরও কৌশলগত ও শক্তিশালী করবে।
সরকারি তথ্য অনুযায়ী, বিশ্বে সেমিকন্ডাক্টর রপ্তানিতে মালয়েশিয়া ষষ্ঠ অবস্থানে রয়েছে এবং দেশটির মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় ২৫ শতাংশ এই খাত থেকে আসে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সেমিকন্ডাক্টর খাতে মালয়েশিয়ার ৩০ থেকে ৪০ বছরের অভিজ্ঞতা রয়েছে এবং ভারতীয় কোম্পানিগুলো গবেষণা, উৎপাদন ও পরীক্ষামূলক প্ল্যান্ট নির্মাণে সহযোগিতায় আগ্রহী।
এর আগে টাটা ইলেকট্রনিক্স মালয়েশিয়ায় সেমিকন্ডাক্টর অ্যাসেম্বলি বা পরীক্ষামূলক প্ল্যান্ট কেনার বিষয়ে বৈশ্বিক কোম্পানিগুলোর সঙ্গে আলোচনা চালায় বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ইন্ডিয়া ব্র্যান্ড ইক্যুইটি ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, গত বছর ভারত মালয়েশিয়ায় ৭.৩২ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করেছে। বিপরীতে মালয়েশিয়া থেকে ভারতের আমদানি ছিল ১২.৫৪ বিলিয়ন ডলার।
এছাড়া মালয়েশিয়ায় প্রায় ৩০ লাখ ভারতীয় বংশোদ্ভূত মানুষ বসবাস করেন, যা দেশটির মোট জনসংখ্যার প্রায় ৬.৮ শতাংশ। মোদি বলেন, এই প্রবাসী জনগোষ্ঠী দুই দেশের সম্পর্কের গুরুত্বপূর্ণ সেতুবন্ধন হিসেবে কাজ করছে।
এমএমআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


ফিলিপাইনে ঘূর্ণিঝড়ের তাণ্ডবে নিহত বেড়ে ১২, ক্ষতিগ্রস্ত লাখো মানুষ
সংলাপ সমস্যার শান্তিপূর্ণ সমাধানের চাবিকাঠি: ইরানি প্রেসিডেন্ট
নিউ ইয়র্কবাসীকে মহানবীর হিজরতের গল্প শোনালেন মামদানি