যুক্তরাষ্ট্রের গ্র্যান্ড ক্যানিয়নে আকস্মিক বন্যা, নিখোঁজ অন্তত ১৫

যুক্তরাষ্ট্রের গ্র্যান্ড ক্যানিয়নে আকস্মিক বন্যা, নিখোঁজ অন্তত ১৫

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের বিখ্যাত গ্র্যান্ড ক্যানিয়ন ন্যাশনাল পার্কে আকস্মিক বন্যায় অন্তত ১৫ জন নিখোঁজ রয়েছে। এতে একজন নিহত হয়েছেন। শনিবার বিকেলে প্রবল বৃষ্টির পর বন্যার পানি নেমে আসায় পার্কের ব্রাইট অ্যাঞ্জেল ক্যানিয়ন ও ফ্যান্টম র‍্যাঞ্চ এলাকা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

বন্যার পর জাতীয় উদ্যান কর্তৃপক্ষ ও অ্যারিজোনা ডিপার্টমেন্ট অব পাবলিক সেফটি যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করে। বন্যার পর গিরিখাতের গভীর এলাকা থেকে রোববার সকাল পর্যন্ত ৬০ জনের বেশি মানুষকে হেলিকপ্টারে করে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

কর্তৃপক্ষ জানিয়েছে, ব্রাইট অ্যাঞ্জেল ক্রিকের ওপর থাকা প্রায় সব পায়ে হাঁটার সেতু বন্যার পানিতে ধ্বংস হয়েছে। নদীতে ধাতব কাঠামো ও বিপুল পরিমাণ ধ্বংসাবশেষ চলে আসায় কলোরাডো নদীতে নৌযান চলাচলও পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখা হয়েছে।

ফ্যান্টম র‍্যাঞ্চ, ব্রাইট অ্যাঞ্জেল ক্যাম্পগ্রাউন্ড, ফ্যান্টম র‍্যাঞ্চ ক্যান্টিন ও কেবিন এবং নর্থ কাইবাব ট্রেইলের একটি বড় অংশ বন্ধ ঘোষণা করা হয়েছে। নিখোঁজদের মধ্যে ওই এলাকায় শনিবার অবস্থান করা হাইকার, ব্যাকপ্যাকার এবং ক্যাম্পগ্রাউন্ডে থাকার জন্য আগাম বুকিং করা ব্যক্তিরা রয়েছেন কি না, তা যাচাই করছে কর্তৃপক্ষ।

জাতীয় আবহাওয়া দপ্তরের কর্মকর্তা জাস্টিন জোহনড্রো জানান, মাত্র প্রায় ৩০ মিনিটে ওই এলাকায় আধা ইঞ্চি থেকে এক ইঞ্চি পর্যন্ত বৃষ্টি হয়েছে। খাড়া ও পাথুরে ভূপ্রকৃতির কারণে বৃষ্টির পানি দ্রুত নিচের দিকে নেমে গিয়ে ভয়াবহ বন্যা সৃষ্টি করে। ব্রাইট অ্যাঞ্জেল ক্রিক নর্থ রিম থেকে কলোরাডো নদীর দিকে প্রায় ৬ হাজার ফুট নিচে নেমে গেছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার পর্যন্ত ওই এলাকায় আরও বৃষ্টি ও বজ্রঝড়ের সম্ভাবনা রয়েছে। ফলে উদ্ধারকাজের পাশাপাশি নতুন করে বন্যার আশঙ্কাও রয়েছে।

গ্র্যান্ড ক্যানিয়ন যুক্তরাষ্ট্রের অন্যতম জনপ্রিয় পর্যটন এলাকা। দুর্গম উপত্যকা, খাড়া পাহাড় ও আকস্মিক বন্যার ঝুঁকির কারণে সেখানে পর্যটকদের নিরাপত্তা নিয়ে কর্তৃপক্ষকে নিয়মিত সতর্ক থাকতে হয়। এবারের ঘটনায় নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে তল্লাশি অব্যাহত রয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন