ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে অবস্থিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মার-এ-লাগো রিসোর্টে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করার সময় মার্কিন সিক্রেট সার্ভিসের গুলিতে ২০ বছর বয়সী এক ব্যক্তি নিহত হয়েছে। রোববার সংস্থাটি এক বিবৃতিতে এ তথ্য জানায়। খবর রয়টার্সের।
সিক্রেট সার্ভিস জানায়, স্থানীয় সময় রাত প্রায় ১টা ৩০ মিনিটে রিসোর্টের উত্তর গেটের কাছে সন্দেহভাজন ব্যক্তিকে দেখা যায়। তার কাছে একটি শটগান ও একটি জ্বালানি ক্যান ছিল। এজেন্টরা তাকে থামানোর চেষ্টা করলে পরিস্থিতির অবনতি ঘটে এবং গুলি চালানো হয়। ঘটনাস্থলেই তিনি নিহত হন। রিসোর্টে প্রবেশের তার উদ্দেশ্য এখনো স্পষ্ট নয়।
ঘটনার সময় প্রেসিডেন্ট ট্রাম্প ওয়াশিংটনে অবস্থান করছিলেন। হোয়াইট হাউস তাৎক্ষণিকভাবে এ বিষয়ে মন্তব্য করেনি।
যুক্তরাষ্ট্রে সাম্প্রতিক বছরগুলোতে রাজনৈতিক সহিংসতার ঘটনা বেড়েছে। ২০২৪ সালে ট্রাম্প দুটি হত্যাচেষ্টার মুখোমুখি হন, যার একটি ওয়েস্ট পাম বিচে তার গলফ কোর্সে ঘটে। ২০২৫ সালের জুনে মিনেসোটার ডেমোক্র্যাটিক আইনপ্রণেতা মেলিসা হর্টম্যান ও তার স্বামীকে গুলি করে হত্যা করা হয়। কয়েক মাস পর রক্ষণশীল কর্মী চার্লি কার্কও নিহত হন। এসব ঘটনার প্রেক্ষাপটে মার-এ-লাগোর নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে বলে জানা গেছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

