ইরানে ইসরাইল-মার্কিন হামলার ষোলতম দিনে পড়েছে। একই সঙ্গে পাল্টা জবাব দিয়ে যাচ্ছে ইরান। এ পরিস্থিতিতে হরমুজ প্রণালি ইরানের শত্রুদের জন্য বন্ধ বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। খবর আলজাজিরার।
তিনি বলেন, ১৫ দিনের যুদ্ধের পর এখন প্রতিপক্ষ দেশগুলো হরমুজ প্রণালীর নিরাপত্তা নিশ্চিত করতে অন্য দেশের সাহায্য চাইছে।
আরাগচি বলেন, ‘১৫ দিনের যুদ্ধের পর তারা এখন অন্যদের কাছে গেছে হরমুজ প্রণালীর নিরাপত্তা নিশ্চিত করতে—যাদের তারা গতকাল পর্যন্ত শত্রু মনে করত।’
তিনি আরো বলেন, ‘তারা এখন অন্য দেশগুলোর কাছে সাহায্য চাইছে যাতে প্রণালিটি খোলা থাকে। আমাদের দৃষ্টিতে প্রণালী খোলা আছে, কিন্তু আমাদের শত্রুদের জন্য এটি বন্ধ—যারা আমাদের ওপর এই কাপুরুষোচিত আগ্রাসন চালিয়েছে এবং তাদের মিত্রদের জন্যও।’
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও দাবি করেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার মাধ্যমেই এই যুদ্ধ শুরু হয়েছে এবং প্রতিপক্ষ ইরানের কাছে নিঃশর্ত আত্মসমর্পণ দাবি করেছিল।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

