মার্কিন সামরিক কর্মকর্তারা ইরানে স্থলবাহিনী মোতায়েনের সম্ভাবনা নিয়ে বিস্তারিত প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছে সিবিএস নিউজ। একাধিক সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, এ নিয়ে উচ্চপর্যায়ে আলোচনা চলছে।
প্রতিবেদন অনুযায়ী, পেন্টাগনের জ্যেষ্ঠ কর্মকর্তারা ইতোমধ্যে এ ধরনের পদক্ষেপের পরিকল্পনা তৈরির জন্য নির্দিষ্ট নির্দেশনা দিচ্ছেন। পরিকল্পনার অংশ হিসেবে, যদি ইরানে মার্কিন সেনা মোতায়েন করা হয়, তাহলে ইরানি সৈন্যদের আটক করার বিষয়টি কীভাবে পরিচালনা করা হবে সেটিও আলোচনায় রয়েছে।
এর আগে শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, যুক্তরাষ্ট্র ইরানে তাদের সামরিক কার্যক্রম ‘ধীরে ধীরে কমিয়ে আনার’ বিষয়টি বিবেচনা করছে। তবে তিনি এটাও স্পষ্ট করেন যে, তিনি কোনো যুদ্ধবিরতি চান না।
একই সঙ্গে ট্রাম্প সাংবাদিকদের বলেন, তিনি ‘কোথাও’ স্থলবাহিনী পাঠানোর পরিকল্পনা করছেন না। তবে তিনি যোগ করেন, ‘যদি করতাম, তাহলে অবশ্যই আপনাদের বলতাম না।’
এদিকে, এ বিষয়ে মন্তব্য চেয়ে পাঠানো অনুরোধের জবাব দেয়নি মার্কিন প্রতিরক্ষা দপ্তর। আর মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক কার্যক্রম তদারকির দায়িত্বে থাকা ইউনাইটেড স্টেটস সেন্ট্রাল কমান্ড সম্ভাব্য সেনা মোতায়েন নিয়ে কোনো জল্পনায় যেতে রাজি হয়নি।
এসআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

