শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর উপকণ্ঠে অবস্থিত অতিরিক্ত বন্দিতে ঠাসা মাহারা কারাগারে দাঙ্গা নিয়ন্ত্রণে শতাধিক সেনাসদস্য ও বিশেষ টাস্কফোর্স (এসটিএফ) কমান্ডো মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় এক বন্দি নিহত এবং আরও ছয়জন আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
রোববার পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) সঞ্জীবা মেদাওয়াত্তে জানান, শনিবার কারাগারের ভেতরে বন্দিরা একাধিক ভবনে ভাঙচুর চালানোর পর নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।
তিনি সাংবাদিকদের বলেন, ‘সশস্ত্র বাহিনী ও বিশেষ টাস্কফোর্স কমান্ডোদের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং বন্দিদের তাদের সেলে ফিরিয়ে নেওয়া হয়েছে।’
পুলিশ জানায়, দাঙ্গার সময় বন্দিরা কারাগারের রান্নাঘর, হাসপাতাল, নবনির্মিত পুনর্বাসন ভবন এবং কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র সম্পূর্ণভাবে ধ্বংস করে দেয়।
এর আগে ২০২০ সালের নভেম্বরে একই মাহারা কারাগারে সংঘটিত এক দাঙ্গায় ১১ বন্দি গুলিতে নিহত এবং প্রায় ১২০ জন আহত হয়েছিলেন।
সর্বশেষ এ সহিংসতার প্রায় এক মাস আগে একই অঞ্চলের আরেকটি কারাগারে সংঘটিত দাঙ্গায় ১০ জন কারারক্ষী ও ২১ জন বন্দি নিহত হন।
মাহারা কারাগারটির ধারণক্ষমতা প্রায় এক হাজার হলেও বর্তমানে সেখানে প্রায় ৪ হাজার ১০০ বন্দি রয়েছে, যা নির্ধারিত সক্ষমতার প্রায় চার গুণ। অতিরিক্ত বন্দির চাপ শ্রীলঙ্কার অধিকাংশ কারাগারেই একটি দীর্ঘদিনের সমস্যা।
গত মাসে সরকার পরিত্যক্ত সরকারি ভবনগুলোকে কারাগারে রূপান্তরের পরিকল্পনার ঘোষণা দেয়।
দেশটির কারা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, শ্রীলঙ্কার মোট বন্দিদের তিন-চতুর্থাংশেরও বেশি বিচারাধীন (রিমান্ড) বন্দি এবং তাদের অধিকাংশই মাদক-সংক্রান্ত মামলায় আটক রয়েছেন।
সূত্র: এএফপি
এসআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


