বগুড়ার নন্দীগ্রামে খেলাধুলার সময় আমেনা খাতুন (৭) নামে এক শিশুকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত আবু হোসাইন (৩৫) নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। আটকের সময় স্থানীয় বিক্ষুব্ধ জনতা গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে তাকে।
গতকাল শুক্রবার বিকেল ৩টায় উপজেলার থালতা মাঝগ্রাম ইউনিয়নের পাঠান গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আমেনা খাতুন ওই গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে। অভিযুক্ত আবু হোসাইন একই এলাকার আব্দুর রশিদের ছেলে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা যায়, বিকেলে বাড়ির বাইরে খেলাধুলা করছিল আমেনা। এ সময় আবু হোসাইন ধারালো দা দিয়ে তাকে কুপিয়ে জখম করেন এবং লাঠি দিয়ে আঘাত করেন বলে অভিযোগ রয়েছে। গুরুতর আহত অবস্থায় শিশুটিকে উদ্ধারের চেষ্টা করা হলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার পর স্থানীয়রা ওই যুবককে আটক করে গণপিটুনি দিয়ে আটকে রাখে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়।
তবে কী কারণে শিশুটিকে হত্যা করা হয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
অভিযুক্তের পরিবারের দাবি, আবু হোসাইন মানসিক ভারসাম্যহীন। তবে তার মানসিক অবস্থা যাচাই করা হবে বলে জানিয়েছে পুলিশ। ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
নন্দীগ্রাম থানার ওসি তারিকুল ইসলাম বলেন, আটক যুবককে চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হবে। তিনি মানসিক ভারসাম্যহীন কি না, সেটিও যাচাই করা হবে। তদন্ত শেষে ঘটনার বিস্তারিত জানা যাবে।
ওসি আরও জানান, শিশুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

