আন্তর্জাতিক উত্তেজনার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র ও ইরানকে সমঝোতার টেবিলে ফিরিয়ে আনতে জোরালো কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে পাকিস্তান। এক সংবাদ সম্মেলনে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, দুই দেশের মধ্যে শান্তি প্রক্রিয়া বজায় রাখা এবং চলমান সংঘাত এড়াতেই ইসলামাবাদ এই পদক্ষেপ নিয়েছে।
আন্দ্রাবি জানান, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি পুনর্বহাল এবং প্রণালী সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে স্বাক্ষরিত ‘ইসলামাবাদ স্মারক’ (এমওইউ) বাস্তবায়নে কাজ চলছে। এই উদ্যোগের অংশ হিসেবে ১০ আগস্ট পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইরান, সৌদি আরব ও কুয়েতের কর্মকর্তাদের সাথে উচ্চপর্যায়ের বৈঠক করেন। পাশাপাশি আঞ্চলিক নিরাপত্তা রক্ষায় পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি বর্তমানে তেহরান সফরে রয়েছেন।
এ ছাড়া সৌদি আরবের সাথে পাকিস্তানের কৌশলগত ও প্রতিরক্ষা সম্পর্ক আরো জোরদার করার অংশ হিসেবে ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’ নিয়েও আলোচনা এগিয়ে নেওয়া হচ্ছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে জানানো হয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


