প্রশাসনের আশ্বাসে

জামালপুরে ১৫ ঘণ্টা পর বাস চলাচল স্বাভাবিক

জামালপুরে ১৫ ঘণ্টা পর বাস চলাচল স্বাভাবিক
ছবি: আমার দেশ

প্রশাসনের আশ্বাসে দীর্ঘ প্রায় ১৫ ঘণ্টা বন্ধ থাকার পর জামালপুর থেকে ঢাকা ও বিভিন্ন দূরপাল্লার রুটে বাস চলাচল স্বাভাবিক হয়েছে।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে বাস চলাচল শুরু হয়। এর আগে বাস ভাঙচুর, শ্রমিকদের মারধর ও আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে পরিবহন মালিক-শ্রমিকদের অঘোষিত কর্মবিরতিতে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।

বিজ্ঞাপন

জেলা প্রশাসকের কার্যালয়ে বৃহস্পতিবার অনুষ্ঠিত বৈঠকে প্রশাসনের পক্ষ থেকে পরিবহন মালিক ও শ্রমিকদের বিভিন্ন দাবি পূরণের আশ্বাস দেওয়ার পর তারা কর্মবিরতি প্রত্যাহারে সম্মত হন।

সোমবার রাতে জামালপুর সদর উপজেলার লাহিড়ীকান্দা এলাকায় রাজীব পরিবহনের একটি বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হন।

এ ঘটনার পর বুধবার সকালে নান্দিনা বাজার এলাকায় রাজীব পরিবহনের বেপরোয়া চলাচলের অভিযোগে দুর্ঘটনার প্রতিবাদ ও নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন করেন স্থানীয়রা।

মানববন্ধন চলাকালে রাজীব পরিবহনের দুটি বাসে ভাঙচুর এবং পরিবহন শ্রমিকদের মারধরের ঘটনা ঘটে বলে অভিযোগ রয়েছে। এর প্রতিবাদে এবং শ্রমিকদের নিরাপত্তার দাবিতে বুধবার রাত থেকে জামালপুর-ঢাকা রুটসহ দূরপাল্লার বিভিন্ন রুটে বাস চলাচল বন্ধ করে দেন পরিবহন শ্রমিকরা।

হঠাৎ বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় বৃহস্পতিবার সকাল থেকেই জামালপুর বাস টার্মিনালে এসে বিপাকে পড়েন যাত্রীরা। দীর্ঘ সময় অপেক্ষা করেও বাস না পেয়ে অনেকে বাধ্য হয়ে সিএনজি, অটোরিকশা ও অন্যান্য ছোট যানবাহনে ভেঙে ভেঙে গন্তব্যে রওনা দেন। এতে অতিরিক্ত ভাড়া গুনতে হয়েছে অনেক যাত্রীকে।

পরে জেলা প্রশাসনের উদ্যোগে পরিবহন মালিক ও শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রশাসনের পক্ষ থেকে পরিবহন সংশ্লিষ্টদের ১২টি দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়া হলে বাস চলাচল স্বাভাবিক করার সিদ্ধান্ত হয়।

বিষয়টি নিশ্চিত করে জামালপুর জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শুভ জানান, প্রশাসনের আশ্বাসের পর পরিবহন শ্রমিকরা বাস চলাচল স্বাভাবিক করতে সম্মত হয়েছেন।

আন্দোলনকারীদের ওপর হামলার অভিযোগ

এদিকে রাজীব পরিবহনের রুট পারমিট বাতিল এবং নিরাপদ সড়কের দাবিতে বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন ও বিক্ষোভ করছিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), জাতীয় ছাত্রশক্তি ও জাতীয় যুবশক্তির নেতাকর্মীরা।

আন্দোলনকারীদের অভিযোগ, মানববন্ধন চলাকালে বাস মালিক ও শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা তাদের ওপর অতর্কিত হামলা চালান। এতে ছাত্রশক্তি ও যুবশক্তির কয়েকজন নেতাকর্মী আহত হন।

এ ঘটনায় বৃহস্পতিবার বিকেলে জামালপুর সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন জাতীয় যুবশক্তির জামালপুর জেলা শাখার আহ্বায়ক আব্দুল্লাহ আল আবিদ সৌরভ।

অভিযোগে তিনি বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শুভ, সভাপতি রফিকুল ইসলাম জসিম, যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদসহ ছয়জনের নাম উল্লেখ করেছেন। এছাড়া অজ্ঞাত আরও ৫০ থেকে ৭০ জনের বিরুদ্ধে দেশীয় অস্ত্র নিয়ে হত্যার উদ্দেশ্যে মানববন্ধনে হামলা ও আন্দোলনকারীদের মারধরের অভিযোগ করা হয়েছে।

আহতদের জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

হামলার পর জড়িতদের বিচার ও নিজেদের নিরাপত্তার দাবিতে ভুক্তভোগীরা জামালপুর পুলিশ সুপারের কার্যালয়ের সামনে অবস্থান নেন।

অভিযোগের বিষয়ে জানতে জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শুভকে একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি।

জামালপুর সদর থানার ওসি নাজমুস সাকিব বলেন, হামলার খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী বলেন, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও বিআরটিএর পক্ষ থেকে বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের নেতাদের সঙ্গে আলোচনা করা হয়েছে। আলোচনার পর তারা আশ্বস্ত হয়ে বাস চলাচল স্বাভাবিক করার কথা জানিয়েছেন।

এদিকে বাস চলাচল স্বাভাবিক হওয়ায় স্বস্তি ফিরেছে দূরপাল্লার যাত্রীদের মধ্যে। তবে বাস ভাঙচুর ও মানববন্ধনে হামলার অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং নিরাপদ সড়কের দাবিতে চলমান আন্দোলন ঘিরে জেলায় এখনও উত্তেজনা বিরাজ করছে।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন