আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

জাপানের ভোট: তাকাইচির সম্ভাব্য জয় ঘিরে সামনে আসছে যে সমীকরণ

আমার দেশ অনলাইন

জাপানের ভোট: তাকাইচির সম্ভাব্য জয় ঘিরে সামনে আসছে যে সমীকরণ

জাপানে আজ রোববার অন্তর্বর্তী নির্বাচনের ভোটগ্রহণ চলছে। প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি আশা করছেন, দায়িত্ব নেওয়ার পরের ‘হানিমুন’ সময়কে বড় ধরনের নির্বাচনি জয়ে রূপ দিতে পারবেন। তবে তার এমন জয় চীনকে ক্ষুব্ধ করতে পারে এবং দেশের আর্থিক বাজারেও অস্থিরতা সৃষ্টি করতে পারে।

বিজ্ঞাপন

মতামত জরিপে দেখা গেছে, দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকা তার লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) সহজেই জয়ী হওয়ার পথে। ৪৬৫ সদস্যের নিম্নকক্ষে সংখ্যাগরিষ্ঠতা পেতে প্রয়োজন ২৩৩টি আসন। বর্তমান জরিপ অনুযায়ী, এলডিপি ও তাদের জোটসঙ্গী মিলিয়ে ৩১০টি আসন পেতে পারে, যা তাদের দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করবে। এটি হবে ২০১৭ সালের পর এলডিপির সেরা ফল।

প্রচারণার অংশ হিসেবে ইউটিউবে দেওয়া এক ভিডিওতে তাকাইচি বলেন, ‘ভবিষ্যৎ নিজের হাতেই গড়ে তুলতে হয়।’ তিনি আরও বলেন, ‘এলডিপিই নেতৃত্ব দেবে।’ তরুণ ভোটারদের মধ্যে তার জনপ্রিয়তা বিশেষভাবে চোখে পড়ছে।

তাকাইচি তরুণ বয়সে হেভি মেটাল ব্যান্ডের ড্রামার ছিলেন এবং ব্রিটেনের মার্গারেট থ্যাচারের ভক্ত। গত অক্টোবরে এলডিপি’র দলনেত্রী হওয়ার সময় তিনি কট্টর রক্ষণশীল প্রান্তিক অংশে ছিলেন, তবে ভোটারদের কাছে দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছেন।

অভিবাসন নীতি নিয়ে তিনি কঠোর অবস্থান নেন। এ বিষয়ে তিনি বলেন, ‘অভিবাসন যাচাই-বাছাই করা হচ্ছে, যাতে সন্ত্রাসী বা গুপ্তচররা সহজে দেশে প্রবেশ করতে না পারে। এ ছাড়া বিদেশিরা কর ও স্বাস্থ্যবিমার প্রিমিয়াম পরিশোধ করছেন কি না—সবকিছু যাচাই করা হবে।’

অর্থনীতিতে, তিনি মুদ্রাস্ফীতির চাপ কমাতে ১৩৫ বিলিয়ন ডলারের প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছেন। এ ছাড়া খাদ্যপণ্যের ওপর ভোক্তা কর স্থগিত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন। জাপানের সরকারি ঋণ দেশের মোট অর্থনীতির দ্বিগুণের বেশি এবং সাম্প্রতিক সময়ে বন্ডের সুদের হার রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। একই সময়ে ইয়েনের মানে বড় ওঠানামা দেখা গেছে।

টোকিওতে ভোটারদের সঙ্গে সাক্ষাতে ১৭ বছর বয়সি স্কুলছাত্রী ইউকা আন্দো বলেন, ‘আমি শুধু তাকে একনজর দেখতে এসেছি। আমার মনে হয় তিনি অসাধারণ।’

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন