সমুদ্রে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া : দ.কোরিয়া

আমার দেশ অনলাইন

সমুদ্রে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া : দ.কোরিয়া

উত্তর কোরিয়া রোববার একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী। পারমাণবিক অস্ত্রধারী দেশটির ধারাবাহিক অস্ত্র পরীক্ষার অংশ হিসেবেই এসব উৎক্ষেপণ করা হয়েছে বলে জানা গেছে।

বিজ্ঞাপন

বার্তা সংস্থা এএফপি জানায়, সাম্প্রতিক সপ্তাহগুলোতে পিয়ংইয়ং যে ধারাবাহিক অস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে, রোববারের উৎক্ষেপণ তারই সর্বশেষ সংযোজন। এসব পরীক্ষার মধ্যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, জাহাজবিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ক্লাস্টার গোলাবারুদও রয়েছে।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফ জানায়, ‘স্থানীয় সময় ভোর প্রায় ৬টা ১০ মিনিটে (গ্রিনিচ মান সময় ২১:১০) উত্তর কোরিয়ার সিনপো এলাকা থেকে পূর্ব সাগরের দিকে (যা জাপান সাগর নামেও পরিচিত) কয়েকটি অজ্ঞাত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ শনাক্ত করা হয়েছে।’

তারা জানায়, সম্ভাব্য আরও উৎক্ষেপণের আশঙ্কায় নজরদারি ও সতর্কতা জোরদার করা হয়েছে।

এ ঘটনার পর দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট কার্যালয় জরুরি নিরাপত্তা বৈঠক ডাকার সিদ্ধান্ত নিয়েছে।

বিশ্লেষকদের মতে, পিয়ংইয়ংয়ের এই পরীক্ষা সিউলের পক্ষ থেকে বৈরী সম্পর্ক উন্নয়নের প্রচেষ্টাকে প্রত্যাখ্যান করারই ইঙ্গিত।

সম্প্রতি জানুয়ারিতে উত্তর কোরিয়ায় বেসামরিক ড্রোন অনুপ্রবেশের ঘটনায় দুঃখ প্রকাশ করেছিল সিউল। সে সময় উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের প্রভাবশালী বোন কিম ইয়ো জং একে ‘খুবই সৌভাগ্যজনক ও বুদ্ধিমানের কাজ’ বলে মন্তব্য করেছিলেন।

তবে চলতি মাসে উত্তর কোরিয়ার এক ঊর্ধ্বতন কর্মকর্তা দক্ষিণ কোরিয়াকে পিয়ংইয়ংয়ের ‘সবচেয়ে শত্রুভাবাপন্ন রাষ্ট্র’ হিসেবে বর্ণনা করেছেন। এর আগে কিম জং উন নিজেও এ কথা বলেছেন।

উত্তর কোরিয়ার বিরুদ্ধে জাতিসংঘের একাধিক নিষেধাজ্ঞা রয়েছে, যা দেশটির পারমাণবিক অস্ত্র কর্মসূচি এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তি ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করেছে। তবে পিয়ংইয়ং বারবার এসব নিষেধাজ্ঞা অমান্য করে আসছে।

এপ্রিলের শুরুতে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন একটি নৌযান থেকে কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষার তত্ত্বাবধান করেন। রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রকাশিত ছবিতে তাকে সামরিক কর্মকর্তাদের সঙ্গে ওই পরীক্ষা পর্যবেক্ষণ করতে দেখা যায়।

এই পরীক্ষাগুলো ‘চোয়ে হিয়ন’ নামের একটি ৫ হাজার টনের ডেস্ট্রয়ার থেকে চালানো হয়। এটি উত্তর কোরিয়ার নৌবাহিনীর দুটি ডেস্ট্রয়ারের একটি, যেগুলো গত বছর যুক্ত করা হয়েছে- দেশটির নৌ সক্ষমতা বাড়ানোর অংশ হিসেবে।

এছাড়া উত্তর কোরিয়া আরও দুটি ৫ হাজার টনের ডেস্ট্রয়ার নির্মাণ করছে।

দক্ষিণ কোরিয়ার এক আইনপ্রণেতা জানিয়েছেন, পশ্চিমাঞ্চলীয় বন্দরনগরী নামপোতে একটি ডেস্ট্রয়ার নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিচ্ছে উত্তর কোরিয়া। একই এলাকা থেকে রোববারের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ হয়েছে বলে জানিয়েছে সিউল।

মার্কিন একটি গোয়েন্দা প্রতিষ্ঠানের স্যাটেলাইট চিত্রের বরাত দিয়ে বিরোধী দল পিপল পাওয়ার পার্টির আইনপ্রণেতা ইউ ইয়ং-ওন বলেন, ‘রাশিয়ার সামরিক সহায়তার ওপর ভর করে উত্তর কোরিয়া তার নৌবাহিনীর আধুনিকীকরণ এগিয়ে নিচ্ছে।’

রাশিয়ার ইউক্রেন আক্রমণে সহায়তা করতে উত্তর কোরিয়া স্থলসেনা ও আর্টিলারি গোলাবারুদ পাঠিয়েছে। পর্যবেক্ষকদের মতে, এর বিনিময়ে পিয়ংইয়ং মস্কোর কাছ থেকে সামরিক প্রযুক্তিগত সহায়তা পাচ্ছে।

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন