বরিশাল বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ সাঁতার প্রতিযোগিতা

বরিশাল বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ সাঁতার প্রতিযোগিতা

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) দিনব্যাপী ‘আন্তঃবিভাগ সাঁতার প্রতিযোগিতা-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় বরিশাল বাংলাদেশ মেরিন একাডেমিতে বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা অফিসের উদ্যোগে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। চার ভিন্ন ক্যাটাগরির (ফ্রি স্টাইল, ব্যাক স্ট্রোক, ব্রেস্ট স্ট্রোক ও বাটারফ্লাই) ইভেন্টে সর্বমোট ৪৪ জন প্রতিযোগী প্রতিদ্বন্দ্বিতা করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মামুন অর রশিদ।

তিনি বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ, ক্রীড়া চর্চায় উৎসাহ দান এবং পারস্পরিক সৌহার্দ্য ও দলগত চেতনা বৃদ্ধিতে এ ধরনের আন্তঃবিভাগীয় প্রতিযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি সুস্থ ও সুশৃঙ্খল জীবনযাপনে অভ্যস্ত হওয়ার পথ খুঁজে পায়।

উপাচার্য আরো যোগ করেন, ক্রীড়া কার্যক্রমে শিক্ষার্থীদের সম্পৃক্ততা তাদের সুপ্ত প্রতিভা বিকাশ ও আত্মবিশ্বাস বাড়াতে সহায়ক ভূমিকা রাখে। নিয়মিত চর্চার মাধ্যমে তাদের মাঝে নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলা ও পারস্পরিক সহযোগিতার মানসিকতা গড়ে ওঠে।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা অফিসের পরিচালক মো. সিরাজিস সাদিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মেরিন একাডেমি, বরিশালের কমান্ড্যান্ট ক্যাপ্টেন এস এম আতিকুর রহমান (জি), এনইউপি, পিএসসি, বিএন।

এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী, শারীরিক শিক্ষা দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট অনেকেই উপস্থিত ছিলেন। নিয়মিত আন্তঃবিভাগীয় ক্রীড়া কার্যক্রমের অংশ হিসেবে আয়োজিত এই প্রতিযোগিতাকে ঘিরে শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

প্রতিযোগিতার খেলা শেষে বিজয়ী সাঁতারুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিশেষ অতিথি ক্যাপ্টেন এস এম আতিকুর রহমান।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন