ইন্দোনেশিয়ার রিয়াউ প্রদেশে কয়েক সপ্তাহ ধরে হামলা চালিয়ে অন্তত ১৭ জনকে আহত করার অভিযোগে একটি বন্য বানর আটক করেছে কর্তৃপক্ষ। খবর আনাদোলু এজেন্সির।
বৃহস্পতিবার স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ইন্দ্রাগিরি হিলির রিজেন্সির তেম্বিলাহান শহরে পুলিশ, সামরিক বাহিনী, দমকলকর্মী ও বন্যপ্রাণী কর্মকর্তাদের যৌথ অভিযানে বানরটিকে আটক করা হয়। এ জন্য ওই এলাকায় ফাঁদ পাতা হয়েছিল।
ইন্দ্রাগিরি হিলির পুলিশ প্রধান দনি একো লিস্তিয়ান্তো জানান, রিয়াউয়ের প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংস্থা (বিকেএসডে) বানরটির সম্ভাব্য লুকানোর জায়গায় তিনটি ফাঁদ বসায়। এর মধ্যে একটি ফাঁদে সেটি ধরা পড়ে।
কর্তৃপক্ষের ধারণা, ২৫ জুলাই থেকে শুরু হওয়া ধারাবাহিক হামলার জন্য আটক করা বানরটিই দায়ী। তেম্বিলাহান এলাকায় লম্বা লেজের ম্যাকাক-এর একটি দল দেখা দেওয়ার পর এসব হামলা শুরু হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার পর্যন্ত অন্তত ১৭ জন—শিশু ও বয়স্ক লোক—বানরের হামলার শিকার হয়েছেন। বড় আকৃতির একটি পূর্ণবয়স্ক পুরুষ বানরকেই হামলাগুলোর জন্য সন্দেহ করা হচ্ছিল। সড়কে, বাড়ির বাইরে এমনকি কয়েকটি বাড়ির ভেতরেও এসব হামলার ঘটনা ঘটে। আহতদের কয়েকজনকে সেলাই দিতে হয়েছে।
নিরাপত্তার কথা বিবেচনা করে তেম্বিলাহান জেলার সব স্কুলে তিন দিনের জন্য সরাসরি ক্লাস বন্ধ করে বুধবার থেকে অনলাইনভিত্তিক পাঠদান চালুর নির্দেশও দেওয়া হয়েছিল।
জেপিএনএনের প্রতিবেদনে বলা হয়, আটক বানরটির আকার, আক্রমণাত্মক আচরণ এবং মুখের একটি বিশেষ দাগ—ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীদের দেওয়া বর্ণনার সঙ্গে মিলে গেছে। ফলে এটিকেই হামলাকারী বানর বলে মনে করছেন কর্মকর্তারা।
এমএমআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


