প্রযুক্তির সহায়তায় ‘বি কোম্পানি’র কথিত চাঁদাবাজ গ্রেপ্তার

খুলনা ব্যুরো

প্রযুক্তির সহায়তায় ‘বি কোম্পানি’র কথিত চাঁদাবাজ গ্রেপ্তার
প্রযুক্তির সহায়তায় ‘বি কোম্পানি’র কথিত চাঁদাবাজ গ্রেপ্তার। ছবি: সংগৃহীত

খুলনা মহানগরীর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে মোবাইল ফোনে হুমকি দিয়ে ‘বি কোম্পানি’ নাম ও ব্যানার ব্যবহার করে চাঁদা দাবির অভিযোগে হাসিবুর রহমান ফরাজী হাসিব খান (২৩) নামে এক যুবককে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) গোয়েন্দা বিভাগ।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) খুলনা গোয়েন্দা বিভাগের কার্যালয়ে সকালে এক প্রেস বিফ্রিংয়ে এ তথ্য তুলে ধরেন কেএমপি ডিবি ডিসি মোহাম্মদ আহাদুজ্জামান মিয়া।

বিজ্ঞাপন

এর আগে গতকাল মঙ্গলবার রাতে চট্টগ্রাম মহানগরীর মধ্যম হালিশহর থানাধীন নীলাচল আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

মোহাম্মদ আহাদুজ্জামান বলেন, গ্রেপ্তার হাসিবুর রহমান ফরাজী হাসিব খান খুলনার লবণচরা থানাধীন পানি উন্নয়ন বোর্ড সুইচগেট ৮ম গলির ইয়াছিন ফরাজীর ছেলে। বর্তমানে তিনি চট্টগ্রামের মধ্যম হালিশহর থানাধীন নীলাচল আবাসিক এলাকার ৩৮ নম্বর ওয়ার্ডে বসবাস করছিলেন।

পুলিশ জানায়, বেশ কিছুদিন ধরে খুলনা মহানগরীর চাকরিজীবী, ব্যবসায়ী, চিকিৎসকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মোবাইল ফোনে হুমকি দিয়ে ‘বি কোম্পানি’ নাম ও ব্যানারে চাঁদা দাবি ও আদায়ের অভিযোগ পাওয়া যাচ্ছিল। এ ঘটনায় মহানগরীর বিভিন্ন থানায় একাধিক অভিযোগ ও সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

অভিযোগগুলোর পরিপ্রেক্ষিতে কেএমপি গোয়েন্দা বিভাগ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত শুরু করে। তদন্তের একপর্যায়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় চাঁদাবাজির সঙ্গে জড়িত সন্দেহভাজন ব্যক্তির অবস্থান চট্টগ্রাম মহানগরীর হালিশহর এলাকায় শনাক্ত করা হয়। পরে গোয়েন্দা পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে হাসিবকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারের সময় তার কাছ থেকে চারটি মোবাইল ফোন ও ছয়টি সিম কার্ড উদ্ধার করা হয়। পুলিশের প্রাথমিক তদন্তে পাওয়া তথ্য অনুযায়ী, এসব মোবাইল ফোন ও সিম কার্ড ব্যবহার করে খুলনা মহানগরীর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে যোগাযোগ করা হতো এবং ‘বি কোম্পানি’ নাম ও ব্যানারে চাঁদা দাবি করা হতো। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে বিভিন্ন ধরনের হুমকি দেওয়ার অভিযোগও রয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন