যুদ্ধে রাশিয়ার সামরিক সহায়তার খবর অস্বীকার ইরানের

আমার দেশ অনলাইন

যুদ্ধে রাশিয়ার সামরিক সহায়তার খবর অস্বীকার ইরানের

রাশিয়ায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালি যুদ্ধে রাশিয়ার সামরিক বা গোয়েন্দা সহায়তার খবর সরাসরি নাকচ করেছেন।

বিজ্ঞাপন

রুশ পত্রিকা ভেদোমোস্তিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ইরানকে রাশিয়া কোনো ধরনের গোয়েন্দা সহায়তা দেয়নি। “গোয়েন্দা সহায়তার বিষয়টি সত্য নয়। পশ্চিমেও এটি স্বীকৃত হয়েছে যে, এ ধরনের দাবি সঠিক নয়,” তিনি মন্তব্য করেন। তিনি আরও যোগ করেন, রাশিয়ার সঙ্গে ইরানের যেসব চুক্তি রয়েছে, সেগুলো যুদ্ধের আগেই স্বাক্ষরিত এবং চলমান সংঘাতের সঙ্গে সম্পর্কিত নয়।

হরমুজ প্রণালির বর্তমান পরিস্থিতি নিয়ে জালালি জানান, এখন একটি নতুন আইনি কাঠামোর আওতায় এই জলপথ পরিচালিত হচ্ছে এবং ইরান এর নিরাপদ ব্যবহার নিশ্চিত করছে। “নিরাপত্তা বিবেচনায় এবং হরমুজ প্রণালীর আইনি ব্যবস্থার অধীনে জাহাজ চলাচল অব্যাহত রাখতে পারবে,” তিনি বলেন।

তবে এ বিষয়ে কোনো ফি আরোপ করা হবে কি না, সে সম্পর্কে বিস্তারিত জানাননি জালালি। তিনি বলেন, এ নিয়ে ইরানের পার্লামেন্ট বিভিন্ন বিকল্প নিয়ে কাজ করছে।

এছাড়া, রাশিয়া ও ইরানের মধ্যে উচ্চপর্যায়ে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রয়েছে বলেও জানান তিনি। যুদ্ধের কারণে কিছু প্রকল্পে সামান্য বিলম্ব হলেও সেগুলো বন্ধ হয়নি। এর মধ্যে রাশত-আস্তারা রেলপথ এবং পারমাণবিক সহযোগিতা চুক্তির মতো গুরুত্বপূর্ণ উদ্যোগও রয়েছে।

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন