সাতক্ষীরার পাটকেলঘাটায় সোহাগ পরিবহনের একটি বাসের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল ৬টা ২০ মিনিটে পাটকেলঘাটা থানাধীন শাকদা ব্রিজ-সংলগ্ন মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আনন্দ দাস (৫৮) শাকদা গ্রামের মৃত কৃষ্ণ পদ দাসের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে আনন্দ দাস শাকদা ব্রিজ-সংলগ্ন মহাসড়ক এলাকায় হাঁটতে বেরিয়েছিলেন। এ সময় ঢাকা থেকে সাতক্ষীরাগামী ‘সোহাগ পরিবহন’-এর একটি বাস (ঢাকা মেট্রো ব-১২-৪৪৬২) তাকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে পড়ে যায়, এতে বাসের কয়েকজন যাত্রী সামান্য আহত হন। আঘাতপ্রাপ্ত যাত্রীরা প্রাথমিক চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে যান। তবে ঘটনার পরপরই বাসের চালক ও হেলপার পালিয়ে যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পাটকেলঘাটা থানার ওসি শফিকুল ইসলাম জানান, দুর্ঘটনাকবলিত বাসটি বর্তমানে মহাসড়কের পাশে রয়েছে। লাশ উদ্ধার করে তার নিজ বাড়িতে রাখা হয়েছে। বাসটির চালক ও হেলপারকে আটকে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

