চট্টগ্রামের বাঁশখালীতে ফ্যামিলি কার্ড শুমারি তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ উঠেছে। উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিন ও সমাজসেবা অফিসার মোহাম্মদ হোসেন স্বাক্ষরিত একটি তালিকা গত ১৮ আগস্ট ভোর থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়ার পর যোগ্য প্রার্থী ও সচেতন মহলের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দেয়। বাঁশখালীর ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভার শতাধিক আবেদনকারী এ অনিয়মের অভিযোগ করেছেন। ভুক্তভোগীদের প্রশ্ন, নিয়োগ প্রক্রিয়া যদি ব্যক্তিবিবেচনায় সম্পন্ন হয়, তাহলে কেন বিজ্ঞপ্তি প্রকাশ করে সাধারণ আবেদনকারীদের কাছ থেকে আবেদন আহ্বান করা হলো?
স্থানীয় সচেতন মহলের দাবি, গোপনে সুপারিশের ভিত্তিতে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এতে সাধারণ যোগ্য ও মেধাবী আবেদনকারীদের মেধার মূল্যায়ন হয়নি। নিয়োগ বিজ্ঞপ্তিতে যেকোনো ধরনের সুপারিশ কিংবা তদবির সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে প্রচার করা হলেও বাস্তবে তা কেবল কাগজ-কলমে সীমাবদ্ধ ছিল বলে অভিযোগ করেছেন প্রার্থীরা। তাদের মতে, তালিকা প্রকাশের পর দেখা গেছে সম্পূর্ণ ভিন্ন চিত্র, যেখানে মৌখিক পরীক্ষায় অকৃতকার্য বা পিছিয়ে থাকা প্রার্থীরা চূড়ান্ত তালিকায় স্থান পেয়েছেন, অথচ অনেক যোগ্য আবেদনকারী চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়েছেন।
এর আগে দ্বিতীয় ধাপে সার্টিফিকেট যাচাই-বাছাইয়ের সময় থেকেই নিয়োগ প্রক্রিয়ায় নানা অনিয়ম শুরু হয়েছিল বলে অভিযোগ ওঠে। এ নিয়ে একাধিক সংবাদমাধ্যমে সংবাদ প্রকাশিত হলেও উপজেলা প্রশাসন নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ সংশ্লিষ্টদের।
নিয়োগে এই অস্বচ্ছতার প্রতিবাদে এবং বিতর্কিত এই তালিকা বাতিলের দাবিতে ক্ষুব্ধ প্রার্থীরা বিভিন্ন কর্মসূচি পালনের ঘোষণা দিয়ে দ্রুত এই নিয়োগ বাতিল করে সম্পূর্ণ স্বচ্ছতা ও মেধার ভিত্তিতে পুনরায় নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার দাবি জানান।
এ বিষয়ে বক্তব্য জানতে বাঁশখালী উপজেলা সমাজসেবা অফিসের মোবাইল নম্বরে একাধিকবার কল করা হলেও কোনো সংযোগ পাওয়া যায়নি।
উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিন জানান, দরখাস্ত পড়েছে দুই হাজারের অধিক, নিয়োগ পাবেন মাত্র ১৭৫ জনের মতো, বাকি ১৮০০ জন তো অভিযোগ করবেই। সবাইকে তো নিয়োগ দেওয়া সম্ভব নয়। তিনি আরও বলেন, ফ্যামিলি কার্ড নিয়ে যাতে কেউ বিভ্রান্তি ছড়াতে না পারে, সেজন্য মাঠপর্যায়ে কাজ করতে পারে—এমন দক্ষদেরকেই নিয়োগ দেওয়া হয়েছে, এখানে কোনো অনিয়ম হয়নি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

