৪০ বছরের মধ্যে সর্বনিম্নে যুক্তরাজ্যের খুচরা বিক্রি

আমার দেশ অনলাইন

৪০ বছরের মধ্যে সর্বনিম্নে যুক্তরাজ্যের খুচরা বিক্রি
ছবি: সংগৃহীত।

ইরানকে ঘিরে চলমান যুদ্ধ ও মূল্যস্ফীতির আশঙ্কার কারণে যুক্তরাজ্যের খুচরা বিক্রিতে ৪০ বছরেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে বড় পতন দেখা গেছে। ব্রিটিশ ইন্ডাস্ট্রি কনফেডারেশন (সিবিআই)-এর এক জরিপে এই তথ্য উঠে এসেছে। খবর আলজাজিরার।

বিজ্ঞাপন

জরিপ অনুযায়ী, এপ্রিল মাসে খুচরা বিক্রির পরিমাণ সূচক নেমে দাঁড়িয়েছে -৬৮-এ, যা মার্চে ছিল -৫২। ১৯৮৩ সালে এই সূচক চালু হওয়ার পর এটিই সর্বনিম্ন অবস্থান।

আগামী মে মাসের পরিস্থিতি নিয়েও হতাশা বাড়ছে। পূর্বাভাস সূচক কমে -৬০-এ দাঁড়িয়েছে, যা ২০২১ সালের মার্চে কোভিড-১৯ মহামারির সময়ের পর সবচেয়ে খারাপ।

সিবিআই-এর অর্থনীতিবিদ মার্টিন সার্টোরিয়াস বলেন, ‘ইরান সংঘাতের অর্থনৈতিক প্রভাব এখন আরো স্পষ্ট হচ্ছে। ব্যবসা পরিচালনার খরচ কমানো ছাড়া জীবনযাত্রার ব্যয় কমানো সম্ভব নয়—এ বিষয়টি সরকারকে উপলব্ধি করতে হবে।’

সংগঠনটি সরকারের প্রতি আহ্বান জানিয়েছে, নতুন শ্রম আইন প্রয়োগের ফলে যেন নিয়োগদাতাদের খরচ অতিরিক্ত না বাড়ে, সে বিষয়টি নিশ্চিত করতে। পাশাপাশি সম্পত্তি কর কমানো এবং বিদ্যুতের বিল হ্রাস করারও পরামর্শ দেওয়া হয়েছে।

জরিপে অংশ নেওয়া কিছু খুচরা বিক্রেতা জানিয়েছেন, ভোক্তাদের আস্থাহীনতা এপ্রিল মাসে কেনাকাটায় নেতিবাচক প্রভাব ফেলেছে।

উল্লেখ্য, ২৬ মার্চ থেকে ১৪ এপ্রিলের মধ্যে ৬১টি খুচরা বিক্রয় প্রতিষ্ঠান থেকে তথ্য সংগ্রহ করে এই জরিপটি পরিচালনা করা হয়।

এমএমআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...