গাজায় খাদ্য, আশ্রয় ও জীবনরক্ষাকারী ত্রাণ সরবরাহে ইচ্ছাকৃত বাধা বন্ধ করতে ইসরাইলের প্রতি আহ্বান জানিয়েছে আয়ারল্যান্ড। ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট ভয়াবহ বন্যায় গাজায় মানবিক পরিস্থিতির আরো অবনতি হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী হেলেন ম্যাকএন্টি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বিবৃতিতে হেলেন ম্যাকএন্টি বলেন, ইসরাইলকে অবশ্যই ত্রাণ, খাদ্য ও জীবনরক্ষাকারী সরঞ্জাম সরবরাহে ইচ্ছাকৃত বাধা বন্ধ করতে হবে। তাদের এ ধরনের কর্মকাণ্ড নিন্দনীয় ও কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
তিনি আরো বলেন, গাজার বর্তমান সংকটময় পরিস্থিতিতে শুধু তাঁবু কিংবা অস্থায়ী স্থাপনা মানুষের আশ্রয়ের জন্য যথেষ্ট নয়। বরং আরো টেকসই ও দীর্ঘস্থায়ী আশ্রয়ের ব্যবস্থা নিশ্চিত করতে অন্তর্বর্তীকালীন অবকাঠামো নির্মাণ জরুরি।
আয়ারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী জানান, গাজার চলমান পরিস্থিতি নিয়ে চলতি সপ্তাহে ডাবলিনে অনুষ্ঠিতব্য ইউরোপীয় রাজনৈতিক সম্প্রদায়ের (ইপিসি) বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সহকর্মীদের সঙ্গে আলোচনা করবেন তিনি। একই বিষয় ইইউর পররাষ্ট্রবিষয়ক কাউন্সিলের বৈঠকেও উত্থাপন করার পরিকল্পনা রয়েছে তার।
গাজায় সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত ও বন্যার কারণে বাস্তুচ্যুত মানুষের দুর্ভোগ আরো বেড়েছে। এমন পরিস্থিতিতে খাদ্য, জরুরি ত্রাণ ও টেকসই আশ্রয় নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর পদক্ষেপের ওপর গুরুত্বারোপ করেছেন আয়ারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী।
সূত্র: আল জাজিরা
এআরবি
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


