ফৌজদারি অপরাধে দণ্ড নির্ধারণে নতুন আইন প্রণয়নের উদ্যোগ

ফৌজদারি অপরাধে দণ্ড নির্ধারণে নতুন আইন প্রণয়নের উদ্যোগ

আইনের শাসন প্রতিষ্ঠা, অপরাধের বিচারে স্বচ্ছতা নিশ্চিত এবং দণ্ড নির্ধারণে যৌক্তিকতা প্রতিষ্ঠার লক্ষ্যে 'ফৌজদারি অপরাধের দণ্ড নিরূপণ (নীতি ও পদ্ধতি) আইন, ২০২৬' প্রণয়নের উদ্যোগ নিয়েছে আইন কমিশন।

বিজ্ঞাপন

রোববার দুপুরে রংপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সম্মেলন কক্ষে প্রস্তাবিত এ আইনের সুপারিশকৃত খসড়া বিল নিয়ে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ তথ্য জানান আইন কমিশনের চেয়ারম্যান বিচারপতি জিনাত আরা।

বিচারপতি জিনাত আরা বলেন, একটি রাষ্ট্রের অন্যতম মৌলিক দায়িত্ব হলো সমাজে আইনের শাসন প্রতিষ্ঠা, শৃঙ্খলা বজায় রাখা এবং বিরোধ নিষ্পত্তির জন্য একটি কার্যকর বিচারব্যবস্থা নিশ্চিত করা। তিনি বলেন, অপরাধের ধরন, প্রকৃতি ও পরিস্থিতি বিবেচনায় দণ্ড নির্ধারণের ক্ষেত্রে একটি সুস্পষ্ট নীতি ও পদ্ধতি থাকা প্রয়োজন। এ লক্ষ্যেই নতুন আইন প্রণয়নের সম্ভাব্যতা যাচাই এবং সংশ্লিষ্টদের মতামত গ্রহণ করা হচ্ছে।

তিনি আরও বলেন, “দণ্ড প্রদানের ক্ষেত্রে সর্বোচ্চ স্বচ্ছতা, সামঞ্জস্য ও যৌক্তিকতা নিশ্চিত করতে একটি নীতিমালা প্রণয়ন সময়ের দাবি। এ কারণে বিচারক, আইনজীবী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গণমাধ্যমকর্মী ও অন্যান্য অংশীজনের মতামতকে গুরুত্ব দেওয়া হচ্ছে।”

আইন কমিশনের সচিব (জেলা ও দায়রা জজ) সৈয়দ আজাদ সুবহানির সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে জেলার বিচারক, আইনজীবী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, গণমাধ্যমকর্মী, এনজিও প্রতিনিধি এবং সংশ্লিষ্ট বিভিন্ন খাতের স্টেকহোল্ডাররা অংশ নেন।

সেমিনারে অংশগ্রহণকারীরা প্রস্তাবিত আইনের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং খসড়া আইনের উন্নয়ন ও কার্যকারিতা বৃদ্ধির লক্ষ্যে নানা সুপারিশ তুলে ধরেন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সেমিনারে অংশগ্রহণকারীদের মতামত গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করে খসড়া আইনে প্রয়োজনীয় সংযোজন ও সংশোধন আনা হবে। পরে চূড়ান্ত খসড়া সরকারের কাছে উপস্থাপন করা হবে এবং পরবর্তী সময়ে জাতীয় সংসদে বিল আকারে উত্থাপনের উদ্যোগ নেওয়া হবে।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, প্রস্তাবিত আইনটি কার্যকর হলে ফৌজদারি মামলায় দণ্ড নির্ধারণের ক্ষেত্রে একটি অভিন্ন ও স্বচ্ছ কাঠামো গড়ে উঠবে, যা বিচারব্যবস্থার প্রতি জনআস্থা আরও বৃদ্ধি করবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন