রূপসায় গুরুর পচা গোসত ব্যবসায়ী চক্রের সন্ধান

রূপসায় গুরুর পচা গোসত ব্যবসায়ী চক্রের সন্ধান
ছবি: আমার দেশ

খুলনার রূপসায় মরা ও মারাত্মক অসুস্থ গরু জবাই করে ফ্রিতজাতকরণ এবং পরবর্তীকালে বিভিন্ন হোটেল ও মাংস বিক্রেতাদের কাছে সরবরাহকারী এক চক্রের সন্ধান পেয়েছে পুলিশ। গত ২৩ আগস্ট গভীর রাতে পরিচালিত এক বিশেষ অভিযানে এই অসাধু চক্রের সদস্যদের আটক করা হয়।

জানা গেছে, রূপসা উপজেলার ইলাইপুর এলাকার ফ্রেশ সি ফুড এবং সাউদার্ন সি ফুড-এর সামনের একটি স্থানে দীর্ঘ দিন ধরে এই অসাধু ব্যবসায়ীরা তাদের অপকর্ম চালিয়ে আসছিলেন। তারা কম দামে অসুস্থ ও মৃতপ্রায় গরু সংগ্রহ করে জবাই করতেন এবং সেই মাংস ফ্রিজে সংরক্ষণ করে বাজারজাত করে আসছিলে।

বিজ্ঞাপন

গোপন সংবাদের ভিত্তিতে গত ২৩ আগস্ট গভীর রাতে রূপসা বাসস্ট্যান্ড ক্যাম্পের ইনচার্জের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে উক্ত এলাকায় এক ঝটিকা অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ঘটনাস্থল থেকে চক্রের সদস্যদের হাতেনাতে আটক করা হয় এবং তাদের কাছে থাকা ক্ষতিকর মাংস উদ্ধার করা হয়।

এ বিষয়ে রূপসা বাসস্ট্যান্ড ক্যাম্প ইনচার্জ নিউটন রায় জানান, জনস্বাস্থ্যের জন্য চরম হুমকি স্বরূপ এ ধরনের অসাধু কর্মকাণ্ডের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এ ঘটনায় স্থানীয় এলাকাবাসী তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এবং জড়িতদের কঠিন শাস্তির দাবি জানিয়েছেন।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন