মহারাষ্ট্রে টানা বৃষ্টিতে পাহাড় ধস, নিহত ১৩

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

মহারাষ্ট্রে টানা বৃষ্টিতে পাহাড় ধস, নিহত ১৩

ভারতের মহারাষ্ট্রে কয়েক দিনের টানা ভারী বৃষ্টিতে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। মুম্বাই, পুনে, ঠাণেসহ রাজ্যের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা, ভূমিধস ও ভবনধসের ঘটনায় এখন পর্যন্ত অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। দুর্যোগের কারণে সড়ক ও রেল যোগাযোগও মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।

বিজ্ঞাপন

পুনে জেলার মাভাল উপজেলার লোহাগড় দুর্গসংলগ্ন এলাকায় গভীর রাতে পাহাড়ের একটি অংশ ধসে কয়েকটি বাড়ি মাটিচাপা পড়ে। স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, ধ্বংসস্তূপের নিচে অন্তত ৩০ জন আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধার অভিযানে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ) ও রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সদস্যরা কাজ করছেন। সোমবার সকাল পর্যন্ত একই পরিবারের তিন সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে। আটকে পড়াদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

ভারী বৃষ্টির কারণে মুম্বাই-পুনে এক্সপ্রেসওয়ের একটি টানেলের প্রস্থানমুখে ভূমিধস হওয়ায় সোমবার সকাল থেকে সড়কটিতে যান চলাচল বন্ধ রাখা হয়েছে। পুরোনো মুম্বাই-পুনে সড়কের বিভিন্ন অংশও পানিতে তলিয়ে যাওয়ায় সেখানে যান চলাচল স্থগিত রয়েছে। প্রশাসন পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে।

রেল যোগাযোগেও বড় ধরনের প্রভাব পড়েছে। কারজাত-লোনাভলা ও খান্ডালা-মাঙ্কি হিল অংশে ভূমিধসের কারণে রেললাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় অন্তত ১৬টি ট্রেন বাতিল করা হয়েছে। এছাড়া কয়েকটি দূরপাল্লার ট্রেন বিকল্প পথে পরিচালনা করা হচ্ছে।

এদিকে মুম্বাইয়ের মানখুর্দ এলাকায় একটি বাড়ি ধসে ছয়জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে পাঁচজনই শিশু, যাদের বয়স দুই থেকে ১৪ বছরের মধ্যে। এছাড়া ঠাণেতে একটি নদীতে ডুবে ১৭ বছর বয়সী এক কিশোরের মৃত্যু হয়েছে। দুর্যোগে প্রাণ হারানো ব্যক্তিদের পরিবারের জন্য পাঁচ লাখ রুপি করে আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীস।

মহারাষ্ট্রের আবহাওয়া দপ্তর জানিয়েছে, আপাতত বৃষ্টি কমার কোনো সম্ভাবনা নেই। মুম্বাই, পুনে, রায়গড়, ঠাণে ও পালঘর জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পাশাপাশি দমকা হাওয়া অব্যাহত থাকতে পারে। সবচেয়ে ঝুঁকিতে থাকা মুম্বাই ও পুনের জন্য জারি করা হয়েছে লাল সতর্কতা।

পরিস্থিতির অবনতির কারণে সোমবার মুম্বাইয়ের সব স্কুল-কলেজ ও সরকারি দপ্তর বন্ধ রাখা হয়েছে। পাশাপাশি জরুরি প্রয়োজন ছাড়া বাসিন্দাদের ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছে প্রশাসন।

সূত্র : আনন্দবাজার

এআরবি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন