মধ্যপ্রাচ্যের অস্থিরতায় ভারতে বাড়ল গ্যাসের দাম

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

মধ্যপ্রাচ্যের অস্থিরতায় ভারতে বাড়ল গ্যাসের দাম

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের ফলে বিশ্ববাজারে জ্বালানি তেল নিয়ে অস্থিরতা চরমে। এবার এর প্রভাব দেখা দিয়েছে ভারতেও। দেশটিতে বাড়ানো হলো রান্নার গ্যাসের দাম।

কলকাতায় প্রতি সিলিন্ডারে গ্যাসের দাম বেড়েছে ৬০ থেকে ১১৪ রুপি। এর আগে শহরটিতে ১৪ কেজি সিলিন্ডারের গ্যাসের দাম ছিল ৮৭৯ রুপি। সেই দাম বেড়ে এখন ৯৩৯ রুপি হয়েছে। ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারে গ্যাসের দাম ছিল ১ হাজার ৮৭৬ রুপি, যা ১১৪ রুপি বেড়ে হয়েছে ১ হাজার ৯৯০ রুপি।

বিজ্ঞাপন

শনিবার (৭ মার্চ) থেকে পশ্চিমবঙ্গে গ্যাসের দাম বাড়ানো হয়েছে। এর ফলে চাপ বেড়েছে সাধারণ মানুষের ওপর। আশঙ্কা করা হচ্ছে, পশ্চিমবঙ্গে আর মাত্র চার থেকে পাঁচ দিনের মজুদ রয়েছে গ্যাস ডিস্ট্রিবিউটরদের হাতে।

এ বিষয়ে এলপিজি ডিস্ট্রিবিউটর অ্যাসোসিয়েশনের মুখপাত্র বিজনবিহারী বিশ্বাস বলেন, আপাতত বড় কাস্টমারদের সাপ্লাই দেওয়া হচ্ছে না। যারা বড় সিলিন্ডার ব্যবহার করেন, তাদের আপাতত সাপ্লাই রেস্ট্রিকশন করে দেওয়া হয়েছে।

এ ছাড়া যারা ১৯ কেজির সিলিন্ডার ব্যবহার করেন, তাদের ক্ষেত্রেও ধীরে ধীরে একই নিয়ম প্রয়োগ করা হবে। কাস্টমারদের যাতে কোনো অসুবিধা না হয়, সেদিকেই আপাতত লক্ষ রাখা হচ্ছে বলেও জানান তিনি।

সংশ্লিষ্টরা বলছেন, যুদ্ধ অবিলম্বে না থামলে গ্যাসের দাম আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে বিকল্প হিসেবে অনেকেই কাঠের চুলায় রান্না শুরু করেছেন।

এ বিষয়ে কলকাতার এক গৃহবধূ জানান, গ্যাসের দাম বেড়ে যাওয়ায় আমাদের সাধারণ ঘরে খুবই অসুবিধা হচ্ছে।

এখন প্রায় হাজার রুপি দিয়ে গ্যাস কিনতে হবে। বিকল্প কিছু চিন্তা করতে পারছি না। বিদ্যুৎ ব্যবহার করলে সেখানেও বিল বেশি আসবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন