ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে চলমান বিক্ষোভে আলোচনায় এসেছেন মুম্বাইয়ের এক সাহসী তরুণী। বুধবার দাদারের শিবাজি পার্কের কাছে আটক বিক্ষোভকারীদের বহনকারী একটি পুলিশ ভ্যানের সামনে দাঁড়িয়ে পথ রোধ করেন তিনি।
ওই তরুণীর নাম রিয়া যাদব। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভাইরাল ভিডিওতে দেখা যায়, প্রবল বৃষ্টির মধ্যে হুডি ও ক্যাপ পরিহিত রিয়া পুলিশ ভ্যানের সামনে দাঁড়িয়ে ভ্যানটি আটকে রেখেছেন। তাকে সরে যেতে বললেও তাতে অস্বীকৃতি জানান তিনি। স্থানীয় গণমাধ্যমের দাবি, তার এই প্রতিবাদের পর আটক কয়েকজন বিক্ষোভকারীকে ছেড়ে দেওয়া হয়।
রিয়া সাংবাদিকদের বলেন, ‘পুলিশ যদি দায়িত্বশীলভাবে তাদের কাজ না করে, তাহলে নাগরিকদের দায়িত্ব আমাদেরই নিতে হবে।’
তিনি আরো বলেন, যদিও তিনি নিজে শিক্ষার্থী নন, তবুও শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি তার পূর্ণ সমর্থন রয়েছে।
রিয়ার ভাষ্য, ‘দিল্লিতে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ যা করেছে, তা সম্পূর্ণ অগ্রহণযোগ্য।’
রিয়ার এই সাহসী অবস্থান সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। অনেকেই তাকে ‘হিরো’ হিসেবে অভিহিত করেছেন।
কে এই রিয়া যাদব
ইনস্টাগ্রাম প্রোফাইল অনুযায়ী, রিয়া যাদব একজন অভিনেত্রী, মডেল ও উদ্যোক্তা। ইনস্টাগ্রামে তার অনুসারীর সংখ্যা প্রায় এক লাখ। তিনি একাধিক মিউজিক ভিডিওতে কাজ করেছেন। সর্বশেষ ‘দিলবারা’ শিরোনামের একটি গানের ভিডিওতে তাকে দেখা গেছে।
দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতৃত্বাধীন শিক্ষার্থী আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে টানা তৃতীয় দিনের মতো বুধবারও মুম্বাইয়ের বিভিন্ন স্থানে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।
রাজনৈতিক দল, শিক্ষার্থী ও বিভিন্ন সামাজিক সংগঠনের উদ্যোগে আয়োজিত এসব কর্মসূচিতে পরীক্ষায় অনিয়মের অভিযোগ এবং দিল্লিতে বিক্ষোভকারীদের ওপর পুলিশের কঠোর পদক্ষেপের প্রতিবাদ জানানো হয়।
নিষেধাজ্ঞা জারি থাকা সত্ত্বেও শত শত মানুষ শিবাজি পার্ক, চৈত্যভূমি, চেম্বুর এবং শিবসেনা ভবনসহ বিভিন্ন এলাকায় জড়ো হয়ে প্রশ্নফাঁসের প্রতিবাদে বিক্ষোভ করেন। এ সময় বেশ কয়েকজনকে আটক করে পুলিশ।
সূত্র: এনডিটিভি
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


