তৃণমূল কংগ্রেসের জয় নিশ্চিত, অভয়বার্তা মমতার

বিশেষ প্রতিনিধি, কলকাতা

তৃণমূল কংগ্রেসের জয় নিশ্চিত, অভয়বার্তা মমতার
ছবি: সংগৃহীত।

ভোটের উত্তপ্ত আবহের মাঝে পশ্চিমবাংলার মানুষের উদ্দেশ্যে এক জোরালো বার্তা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেসের জয়ের বিষয়ে বেশ আত্মবিশ্বাস ফুটে উঠেছে তার বক্তব্যে। তিনি প্রখর রোদ আর প্রতিকূল পরিস্থিতির মধ্যেও সাধারণ মানুষ যেভাবে লাইনে দাঁড়িয়ে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন, তার জন্য তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তার কথায়, এই লড়াই কেবল ভোটের লড়াই নয়, বরং বাংলার স্বাধিকার ও সম্মান রক্ষার লড়াই।

বিজ্ঞাপন

ভারতের কেন্দ্রীয় বাহিনী এবং প্রশাসনের একাংশের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি দাবি করেন যে, সাধারণ ভোটার এবং তৃণমূল কর্মীদের ওপর অনেক অত্যাচার-নির্যাতন চালানো হয়েছে। তা সত্ত্বেও মানুষ যেভাবে নির্ভয়ে ভোট দিয়েছেন, তাকেই প্রকৃত গণতন্ত্রের জয় বলে মনে করছেন তিনি।

বিরোধী শিবির বিশেষ করে বিজেপির পক্ষ থেকে ছড়ানো বিভিন্ন ‘এক্সিট পোল’ বা বুথ ফেরত সমীক্ষাকে সম্পূর্ণ নাকচ করেছেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় একে বিজেপির চক্রান্ত বলে অভিহিত করেছেন। তিনি স্পষ্ট ভাষায় বলেন, শেয়ার বাজারকে কৃত্রিমভাবে চাঙ্গা রাখতেই এই ধরনের মিথ্যা তথ্যের জাল বোনা হচ্ছে।

ভোট গণনার দিনটিকে সামনে রেখে কর্মীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন মমতা। ইভিএম মেশিন যাতে কোনোভাবে পাল্টে না ফেলা হয় বা গণনা চলাকালীন কোনো কারচুপি না হয়, তার জন্য কর্মীদের অতন্দ্র প্রহরীর মতো কাউন্টিং হলের সামনে রাত জাগার নির্দেশ দিয়েছেন তিনি।

তিনি সাফ জানিয়ে দিয়েছেন যে, কোনো উস্কানিতে পা না দিয়ে শান্ত থেকে গণনার শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই চালিয়ে যেতে হবে।

বাংলার ঐতিহ্যের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, বাংলা কোনোদিন বহিরাগত শক্তির কাছে মাথা নত করেনি এবং করবেও না। রবীন্দ্রনাথ, নজরুল, স্বামী বিবেকানন্দ আর নেতাজির আদর্শে গড়া এই মাটিতে শেষ কথা বাংলার মানুষই বলবেন। চার তারিখের গণনার শেষে বাংলার জয় সুনিশ্চিত হবে—এই বিশ্বাস নিয়েই তিনি তার বক্তব্য শেষ করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন