ভারতে করোচ জনতা পার্টি (সিজেপি)-এর একটি প্রতিনিধি দল সোমবার দেশটির স্বাস্থ্যমন্ত্রী মন্ত্রী ও বিজেপির সাবেক সভাপতি জগৎ প্রকাশ নাড্ডার সঙ্গে বৈঠক করেছে। একই সময়ে ভারতে চিকিৎসাবিদ্যা বা মেডিকেল কোর্সে ভর্তির একমাত্র প্রবেশিকা পরীক্ষা নীট ইউজির প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে সরকারের জবাবদিহি দাবি করে বিক্ষোভকারীরা সংসদের দিকে পদযাত্রা করেন।
সিজেপির মুখপাত্র অশুতোষ রাঙ্কা জানান, নাড্ডা তাদের দাবিগুলো নিয়ে সরকারের শীর্ষ নেতৃত্বের সঙ্গে আলোচনা করার জন্য কিছু সময় চেয়েছেন।
সিজেপি সরকারের কাছে তিনটি প্রধান দাবি তুলে ধরেছে:
• সমাজকর্মী সোনম ওয়াংচুকের নিঃশর্ত মুক্তি,
• কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ বা অপসারণ,
• এবং নীট ইউজির প্রশ্নপত্র ফাঁসের ঘটনার পর আত্মহত্যা করা পরীক্ষার্থীদের পরিবারের জন্য ১ কোটি রুপি ক্ষতিপূরণ।
রাঙ্কা সামাজি এক্স -এ লিখেছেন, নাড্ডা তাদের দাবিগুলো নিয়ে সরকারের নেতৃত্বের সঙ্গে আলোচনা করবেন।
সিজেপির আরেক মুখপাত্র সৌরভ দাস বলেন, নাড্ডা আশ্বাস দিয়েছেন যে তিনি বিষয়গুলো যথাযথ পর্যায়ে উত্থাপন করবেন, তবে এখন পর্যন্ত কোনো নির্দিষ্ট প্রতিশ্রুতি দেননি। তিনি বলেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন চলবে।
দাস আরও জানান, নাড্ডা আশ্বাস দিয়েছেন যে যন্তর মন্তর ও আশপাশের এলাকায় বিক্ষোভকারীদের বিরুদ্ধে আর কোনো দমনমূলক ব্যবস্থা নেওয়া হবে না।
এদিকে নাড্ডা বলেন, বৈঠকটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধি দল তাদের কাছে লিখিত স্মারকলিপি জমা দিয়েছে এবং তিনি বিক্ষোভকারীদের অবস্থান কর্মসূচি প্রত্যাহার করে স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে আহ্বান জানিয়েছেন।
অন্যদিকে, চলমান বিক্ষোভের মধ্যেই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান প্রায় সাড়ে তিন ঘণ্টা ধরে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে বৈঠক করেন। তবে ওই বৈঠকে কী আলোচনা হয়েছে, তা জানানো হয়নি।
এদিকে সংসদ অভিমুখে পদযাত্রায় অংশ নেওয়া বিক্ষোভকারীরা পুলিশের বাধা সত্ত্বেও ছত্রভঙ্গ হতে অস্বীকৃতি জানান এবং ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে স্লোগান দিতে থাকেন। পরে পুলিশ যন্তর মন্তর ও আশপাশের এলাকা থেকে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়।
সূত্র: ইন্ডিয়া টুডে।
এমএমআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


