ভুয়া এনএসআই পরিচয়পত্র ব্যবহার করে বিয়ে, অবশেষে গ্রেপ্তার

ভুয়া এনএসআই পরিচয়পত্র ব্যবহার করে বিয়ে, অবশেষে গ্রেপ্তার

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) কর্মকর্তার পরিচয়পত্রে বিয়ের অভিযোগে মো. লিওন মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনসহ দণ্ডবিধির একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে।

বিজ্ঞাপন

ঘটনাটি ঘটেছে উপজেলার কচুয়া এলাকায়। লিওন মিয়া আলমবিদিতর ইউনিয়নের সয়রাবাড়ী ফুলবাড়ীচওড়া এলাকার সাফুল মিয়ার ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, লিওন নিজেকে এনএসআই কর্মকর্তা পরিচয় দিয়ে মধ্য কচুয়া এলাকার মোকাররম হোসেনের মেয়ে মাহফুজা আক্তার রিয়া মনিকে বিয়ে করেন। সরকারি একটি গুরুত্বপূর্ণ গোয়েন্দা সংস্থার কর্মকর্তা পরিচয় দেওয়ায় মেয়ের পরিবার তার পরিচয় বিশ্বাস করে বিয়ের প্রস্তাবে সম্মতি দেয়।

সরেজমিনে দেখা যায়, লিওনের ব্যবহৃত কথিত এনএসআই পরিচয়পত্রে নাম লেখা রয়েছে ‘SOMRAT HOSSAIN SAMIM’। সেখানে পদবি হিসেবে ‘Junior Field Officer’ উল্লেখ রয়েছে এবং এনএসআইয়ের নাম ও প্রতীক ব্যবহার করা হয়েছে। পরিচয়পত্র ইস্যুর তারিখ ৮ জুলাই ২০২১ উল্লেখ রয়েছে।

পুলিশের নথিতে তার প্রকৃত নাম মো. লিওন মিয়া। তিনি পরিচয় গোপন করে বিয়ের বিষয়টি স্বীকার করেছেন। এছাড়া নিজের পরিচয় গোপন ও প্রতারণার উদ্দেশ্যে তিনি জাল জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তৈরি করেছিলেন বলে অভিযোগ রয়েছে। প্রতিবেদকের হাতে আসা এনএসআই-সংক্রান্ত একটি অঙ্গীকারনামায়ও ‘সম্রাট হোসেন সামিম’ নামটি পাওয়া গেছে।

মামলার বাদী মোকাররম হোসেন বলেন, ‘লিওন নিজেকে এনএসআই কর্মকর্তা পরিচয় দিয়ে আমার মেয়েকে বিয়ে করেছে। সে সম্রাট হোসাইন সামিম পরিচয়ে ভুয়া নথিপত্র দেখিয়ে আমাদের সঙ্গে প্রতারণা করেছে। বিয়ের পর তার পরিচয় নিয়ে সন্দেহ হলে খোঁজ নিয়ে আমরা প্রতারণার বিষয়টি বুঝতে পারি।

স্থানীয় বাসিন্দা মারুফ মিয়া বলেন, লিওন নিজেকে এনএসআই কর্মকর্তা পরিচয় দেওয়ায় মোকাররম হোসেন তার জামাইকে নিয়ে গর্ব করতেন। পরে জানা যায়, লিওন আগে আরও একটি বিয়ে করেছেন এবং আগের সংসারে তার সন্তান রয়েছে। প্রথম স্ত্রী সন্তানসহ মোকাররম হোসেনের বাড়িতে আসার পর বিষয়টি প্রকাশ্যে আসে।

তার বিরুদ্ধে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়া এবং অনলাইন জুয়ায় সম্পৃক্ত থাকার মতো একাধিক অভিযোগ রয়েছে। ভুয়া প্রভাব খাটিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করতেন।

গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর ছবুর বলেন, ‘অভিযোগের ভিত্তিতে থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।’

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন