যুক্তরাষ্ট্রের রাতভর হামলায় ইরানের হরমজগানে অন্তত তিনজন নিহত এবং আটজন আহত হয়েছে।
শনিবার আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
হরমজগানের উপ-গভর্নর বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার প্রথম প্রহরে প্রদেশের বেশ কয়েকটি স্থানে মার্কিন বাহিনী বিমান হামলা চালায়। এতে প্রদেশের দুটি সেতু ও একটি টানেল ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব হামলায় তিনজন নিহত এবং আটজন আহত হয়েছে।
এদিকে, ইরানে মার্কিন বিমান হামলা আগের তুলনায় আরো জোরদার হয়েছে। দেশটির মধ্যাঞ্চলীয় শহর ইয়াজদ এবং দক্ষিণাঞ্চলীয় শহর লার, আহভাজ, সিরিক, বুশেহর, বন্দর আব্বাস ও দারাবে ব্যাপক বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এছাড়া টানা দ্বিতীয় রাতের মতো কেশম দ্বীপেও বিস্ফোরণ ঘটেছে।
মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, বুশেহরের আকাশে একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন শনাক্ত করার পর তা ভূপাতিত করা হয়েছে। আইআরজিসি নৌবাহিনীর সদ্য মোতায়েন করা একটি উন্নত আকাশ প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে ড্রোনটি নামানো হয়।
পাল্টা হামলা ও জাহাজ জব্দ
ইরানি নৌবাহিনী জানিয়েছে, তারা উত্তর ভারত মহাসাগরে একটি শত্রুভাবাপন্ন মার্কিন জাহাজ লক্ষ্য করে উপকূল থেকে সাগরে নিক্ষেপণযোগ্য ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
এছাড়া বাহরাইনে থাকা মার্কিন সামরিক স্থাপনা ও সম্পদে হামলা চালানোর বিষয়টি নিশ্চিত করেছে আইআরজিসি।
আলাদা এক বিবৃতিতে আইআরজিসি জানায়, মার্কিন সামরিক বাহিনীর সহায়তাপুষ্ট চারটি অবাধ্য বা আইন অমান্যকারী জাহাজ হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা করছিল। পরে একটি সমন্বিত ক্ষেপণাস্ত্র ও ড্রোন অভিযানের মাধ্যমে জাহাজগুলোকে সেই স্থানেই থামিয়ে দেওয়া হয়।
তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ
আইআরজিসি তাদের অপর এক বিবৃতিতে দাবি করেছে, হরমুজ প্রণালির দক্ষিণে মাইন পুঁতে রাখা একটি পথ অতিক্রম করার সময় দুটি তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ ঘটে এবং সেগুলোতে আগুন ধরে যায়।
এএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

