সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় সুদানের প্যারামিলিটারি বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) কর্তৃক সাধারণ মানুষ এবং মানবিক সহায়তা সংস্থার ওপর চালানো অপরাধমূলক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।
মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, কুয়েইক সামরিক হাসপাতাল, বিশ্ব খাদ্য কর্মসূচির সঙ্গে সংযুক্ত মানবিক সহায়তা কনভয় এবং বাস্তুচ্যুত নাগরিকদের পরিবহনকারী যানবাহনের ওপর আরএসএফ হামলা চালিয়েছে। হামলায় অসংখ্য সাধারণ মানুষ নিহত হয়েছে এবং উত্তর ও দক্ষিণ করদোফান রাজ্যের মানবিক সহায়তা কার্যক্রমে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, এই কর্মকাণ্ড মানবিক মানদণ্ড ও আন্তর্জাতিক চুক্তির স্পষ্ট লঙ্ঘন। সৌদি আরব আরএসএফকে মানবিক সহায়তা নিরাপদে পৌঁছানোর নিশ্চয়তা দেওয়ার আহ্বান জানিয়েছে।
সুদানের সেনাবাহিনী ও আরএসএফ এপ্রিল ২০২৩ থেকে সংঘর্ষে লিপ্ত, যার ফলে লক্ষাধিক মানুষ নিহত এবং কোটি মানুষের বাস্তুচ্যুতি, বিশ্বের অন্যতম মারাত্মক মানবিক সংকট সৃষ্টি হয়েছে।
সৌদি আরবের পক্ষ থেকে বলা হয়েছে, সুদানের একতা, নিরাপত্তা ও স্থিতিশীলতার প্রতি তাদের দৃঢ় সমর্থন রয়েছে। এছাড়া বিদেশি হস্তক্ষেপ, অবৈধ অস্ত্র সরবরাহ এবং বিদেশি যোদ্ধাদের ব্যবহার বন্ধ করার আহ্বান জানানো হয়েছে, যাতে সংঘাত দীর্ঘায়িত না হয় এবং সুদানী জনগণের কষ্ট কমে।
এসআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

