যেকোনো ধরনের হুমকি মোকাবিলায় ইরানের সেনাবাহিনী পুরোপুরি প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন দেশটির সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আমির আকরামিনিয়া।
তিনি বলেছেন, সেনাবাহিনী তাদের সামরিক সক্ষমতা বাড়াতে নিয়মিত কাজ করে যাচ্ছে। এর অংশ হিসেবে ক্ষতিগ্রস্ত সামরিক ব্যবস্থা আধুনিকায়ন, নতুন সরঞ্জাম যুক্ত করা এবং দেশের নিজস্ব সক্ষমতার ওপর নির্ভরতা বাড়ানো হচ্ছে।
ব্রিগেডিয়ার জেনারেল আমির আকরামিনিয়া বলেন, ইরানের সেনাবাহিনী ক্রমাগতভাবে নিজেদের কার্যক্ষমতা ও প্রস্তুতি বাড়ানোর পথে এগিয়ে যাচ্ছে। আধুনিক প্রযুক্তি ও নতুন সরঞ্জাম যুক্ত করার মাধ্যমে সামরিক ব্যবস্থাকে আরো শক্তিশালী করা হচ্ছে।
তিনি আরো বলেন, সেনাবাহিনীর বিভিন্ন ইউনিটে নতুন সামরিক সরঞ্জাম পৌঁছানোর পর যুদ্ধ সরঞ্জাম ও অন্যান্য সামরিক উপকরণের পুনর্বিন্যাস করা হচ্ছে। প্রতিদিনের প্রয়োজন ও কার্যক্রমের সঙ্গে সামঞ্জস্য রেখে এসব সরঞ্জাম সাজানো হচ্ছে।
ইরানের সেনাবাহিনীর এই বক্তব্য এমন এক সময়ে এলো, যখন দেশটি আঞ্চলিক উত্তেজনা ও বিভিন্ন নিরাপত্তা হুমকির মুখোমুখি রয়েছে। দেশটির সামরিক বাহিনী এর আগেও নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর কথা জানিয়েছে।
এএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

