ভূমধ্যসাগরে ফিলিস্তিনের গাজাগামী ত্রাণবাহী একটি নৌবহরে হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। গ্রিসের অদূরে আন্তর্জাতিক পানিসীমায় এই অভিযান চালিয়ে ১৭৫ জন মানবাধিকার কর্মীকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
গ্লোবাল সুমুদ ফ্লোটিলার সদস্য ও অ্যাক্টিভিস্ট ইয়াসিন বেনজেলউন কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এই ভয়াবহ ঘটনার বর্ণনা দেন। তিনি জানান, ইসরাইলি বাহিনী ত্রাণবাহী জাহাজগুলো ঘিরে ফেলে এবং সেখানে থাকা বেসামরিক নাগরিকদের ওপর চড়াও হয়।
ক্ষোভ প্রকাশ করে বেনজেলউন বলেন, ‘ইউরোপ কোথায়? বিশ্বনেতারা কোথায়? কেন আমরা এই বিষয়ে আরও বেশি কথা বলছি না?’
তিনি আরো বলেন, ‘বিগত তিন বছর ধরে ফিলিস্তিনে যে সহিংসতা আমরা দেখছি, তা আমাকে হতবাক করেছে। আমরা যারা কেবল মানবিক সহায়তা নিয়ে যাচ্ছিলাম, সেই নিরপরাধ বেসামরিক মানুষের ওপরও এখন একই সহিংসতা চালানো হচ্ছে।’
সূত্র : আল-জাজিরা
এএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

