সৌদি আরবের বিমানবন্দরগুলোতে সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর নিরাপত্তা কড়াকড়ি আরোপ করেছে যুক্তরাষ্ট্রের দূতাবাস। এখন থেকে দেশটির যেকোনো বিমানবন্দর ব্যবহার করতে হলে মার্কিন সরকারি কর্মীদের বিশেষ অনুমতি নিতে হবে। একই সঙ্গে বিমানবন্দরে সম্ভাব্য হামলা ও ফ্লাইট চলাচলে বিঘ্নের বিষয়ে মার্কিন নাগরিকদের সতর্ক করা হয়েছে।
বুধবার জারি করা এক নিরাপত্তা সতর্কবার্তায় এসব নির্দেশনা দিয়েছে সৌদি আরবে অবস্থিত মার্কিন দূতাবাস।
এতে বলা হয়েছে, দেশটির বিমানবন্দরগুলোতে হামলার আশঙ্কা রয়েছে। এ ছাড়া আকাশসীমা বন্ধ হয়ে যাওয়া, ফ্লাইট বাতিলসহ ভ্রমণে নানা ধরনের বিঘ্ন ঘটতে পারে।
সতর্কবার্তায় সৌদি আরবের বিমানবন্দর ব্যবহারের সময় মার্কিন নাগরিকদের ‘চরম সতর্কতা’ অবলম্বন করতে বলা হয়েছে। যাত্রার আগে সংশ্লিষ্ট বিমান সংস্থার সঙ্গে সরাসরি যোগাযোগ করে ফ্লাইটের সর্বশেষ অবস্থা জেনে নিতেও পরামর্শ দেওয়া হয়েছে।
এ ছাড়া ইয়েমেন সীমান্তের ২০ মাইল বা প্রায় ৩২ কিলোমিটারের মধ্যে মার্কিন সরকারি কর্মীদের যাতায়াত নিষিদ্ধ করা হয়েছে। জিজান, আসির, নাজরান, কাতিফ, ইয়ানবু ও তায়েফে ভ্রমণ করতে হলেও তাঁদের বিশেষ অনুমতি নিতে হবে।
এএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

