সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরায় খোলপেটুয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মোকছেদ গাজী নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় বালুভর্তি একটি বোট জব্দ করা হয়।
রোববার বিকেলে গাবুরা ইউনিয়নের চকবারা এলাকায় খোলপেটুয়া নদীতে এ অভিযান চালানো হয়। অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে উপজেলা প্রশাসন অভিযান চালায়।
শ্যামনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. রাশেদ হোসাইনের নেতৃত্বে অভিযানে বালুভর্তি বোট জব্দ করা হয়। একই সঙ্গে বালু উত্তোলনের অভিযোগে মোকছেদ গাজীকে আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে মোকছেদ গাজীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা প্রশাসন জানিয়েছে, নদী ও পরিবেশের ভারসাম্য রক্ষায় খোলপেটুয়াসহ বিভিন্ন নদ-নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

