চোখের চিকিৎসা নিতে গিয়ে শিশুর মৃত্যু, হাসপাতাল বন্ধ, আটক ১

চোখের চিকিৎসা নিতে গিয়ে শিশুর মৃত্যু, হাসপাতাল বন্ধ, আটক ১

নোয়াখালী জেলা সদরের পৌর এলাকার দত্তেরহাট ইসলামিয়া চক্ষু হাসপাতালে ভুল চিকিৎসায় মো. মোসলিম (১২) নামের এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে।

বিজ্ঞাপন

নিহত শিশুর লাশের তদন্ত শেষে রোববার সন্ধ্যায় তার নিজ বাড়িতে নিয়ে গেছেন স্বজনেরা। এর আগে শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মোসলিমের মৃত্যুর ঘটনা ঘটে।

নিহত মোসলিম লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার চরবসু গ্রামের মাহফুজুর রহমানের ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে দত্তেরহাট ইসলামিয়া চক্ষু হাসপাতালে ভর্তি হয় শিশুটি।

অভিযোগ রয়েছে, হাসপাতালে কর্তব্যরত প্যারামেডিকস আবুল হোসেন শিশুটির চোখে অ্যানেসথেসিয়া দেন। অ্যানেসথেসিয়া দেওয়ার পর মোসলিম বমি করতে শুরু করলে তাঁকে নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে রেফার করা হয়। পরে নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. রাজীব আহমেদ চৌধুরী বলেন, ‘মৃত অবস্থায় শিশুটিকে হাসপাতালে নিয়ে আসা হয়।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, ‘নিহতের স্বজনেরা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে বিষয়টি পুলিশকে অবহিত করেন। লাশ নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে তদন্ত শেষে রোববার সন্ধ্যায় স্বজনেরা নিয়ে গেছেন। এ ঘটনায় অভিযুক্ত প্যারামেডিকস আবুল হোসেনকে আটক করেছে পুলিশ।’

নোয়াখালীর সিভিল সার্জন ডা. আনোয়ার হোসেন বলেন, ‘নিহতের স্বজনদের অভিযোগের ভিত্তিতে ঘটনার পর দত্তেরহাট ইসলামিয়া চক্ষু হাসপাতাল পরিদর্শন করি। প্রাথমিকভাবে হাসপাতালটি বন্ধ করে দেওয়া হয়েছে।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন