নারায়ণগঞ্জে প্রকাশ্যে পুলিশের মাতলামি

নারায়ণগঞ্জে প্রকাশ্যে পুলিশের মাতলামি

নারায়ণগঞ্জ সদর নৌ থানার সামনে এক পুলিশ সদস্যের মাতলামির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে ওই পুলিশ সদস্যকে অস্বাভাবিক অবস্থায় গান গাইতে ও নাচতে দেখা যায়। গত শুক্রবার রাতে এ ঘটনা ঘটে বলে জানান ওই থানার ওসি মো. রকিবুজ্জামান।

তিনি বলেন, অস্বাভাবিক আচরণ করা ওই পুলিশ সদস্যের নাম আব্দুল মান্নান। তিনি এ থানার সহকারী এএসআই। দাম্পত্য কলহের কারণে মানসিক ভারসাম্য হারিয়ে তিনি এমন ঘটনা ঘটিয়েছেন। এর আগে তিনি মাদকজাতীয় কিছু সেবন করেছিলেন কি না, সে বিষয়েও খোঁজ নেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

প্রাথমিক তদন্তের বরাতে ওসি বলেন, আব্দুল মান্নান থানা কোয়ার্টারে থাকতেন। তার স্ত্রী সিলেটের গ্রামের বাড়ি থাকেন। আগের রাতে মোবাইল ফোনে তাদের মধ্যে ঝগড়া হয়। ওই ঝগড়ার পরই মান্নান এমন ঘটনা ঘটান।

পুলিশ সদস্যের এমন আচরণে তাকে ‘মাদকাসক্ত’ হিসেবে ধারণা করছিলেন স্থানীয়রা। ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে আশপাশের লোকজন তাকে ‘মাদক সেবন করেছেন কি না’ জানতে চাইলে ওই পুলিশ সদস্যকে বলতে শোনা যায়, তার স্ত্রী তাকে জুতা দিয়ে মেরেছেন। তাই তিনি এমন আচরণ করছেন।

সদর নৌ থানার ওসি রকিবুজ্জামান বলেন, মান্নানের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছে পুলিশ। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদেরও জানানো হয়েছে। এ বিষয়ে তাদের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন