প্রায় দেড় দশকেরও বেশি সময় পর সিরিয়া সফরে গিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। শনিবার তিনি দেশটিতে পৌঁছান। ২০১১ সালে সিরিয়ার গৃহযুদ্ধ শুরুর পর এটিই কোনো জাতিসংঘ মহাসচিবের প্রথম সিরিয়া সফর।
সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা জানিয়েছে, দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দরে গুতেরেস ও তার সফরসঙ্গীদের স্বাগত জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শাইবানি।
তিন দিনের এই সফরে গুতেরেস সিরিয়ার রাজনৈতিক উত্তরণ প্রক্রিয়ার প্রতি জাতিসংঘের সমর্থন পুনর্ব্যক্ত করবেন। প্রেসিডেন্ট আহমেদ আল-শারার নেতৃত্বাধীন নতুন সরকার ২০২৪ সালের ডিসেম্বরে দীর্ঘদিনের শাসক বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করার পর দেশটি নতুন রাজনৈতিক অধ্যায়ে প্রবেশ করে।
এর আগে সর্বশেষ ২০০৯ সালে তৎকালীন জাতিসংঘ মহাসচিব বান কি-মুন সিরিয়া সফর করেছিলেন। তার দুই বছর পর শুরু হওয়া গৃহযুদ্ধে পাঁচ লাখের বেশি মানুষ নিহত হন এবং দেশটি দীর্ঘ সময় ধরে সংঘাতের মধ্যে ছিল।
সফরকালে প্রেসিডেন্ট আহমেদ আল-শারার সঙ্গে বৈঠকের পাশাপাশি নাগরিক সমাজের প্রতিনিধি এবং নারী অধিকার নিয়ে কাজ করা বিভিন্ন বেসরকারি সংস্থার সদস্যদের সঙ্গেও মতবিনিময় করবেন জাতিসংঘ মহাসচিব। এছাড়া তিনি সম্প্রতি কার্যক্রম শুরু করা সিরিয়ার অন্তর্বর্তীকালীন পার্লামেন্টেও ভাষণ দেবেন।
সূত্র: এএফপি
এসআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


