হবিগঞ্জ মেডিকেল কলেজ হোস্টেলে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেওয়া হচ্ছে।
বুধবার দিবাগত মধ্যরাতে জেলা শহরের অনন্তপুর আবাসিক এলাকায় অবস্থিত হোস্টেলে এ ঘটনা ঘটে।
শিক্ষার্থীরা জানান, মধ্যরাতে হোস্টেলে তাফসির আহমেদ ও শরীফ উদ্দিন নামের দুই শিক্ষার্থীর মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে কথা-কাটাকাটি হয়। তাদের মধ্যে আগে থেকেই অভ্যন্তরীণ বিরোধ চলে আসছিল। বাগ্বিতণ্ডার একপর্যায়ে শিক্ষার্থীরা দুই ভাগে বিভক্ত হয়ে লোহার রড ও স্ট্যাম্পসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষে আহত শিক্ষার্থীরা হলেন—তাসরিফ আহমেদ, শরীফ উদ্দিন, রায়হান রাজ, রজব সানি, ফারদিন ইফতি, সামি, রিয়াদ, আবদুল্লাহ চৌধুরী, সামিউল আল আরিফ ও হুজাফ সৌমি।
ঘটনার বিষয়ে সদর মডেল থানার ওসি জাহিদুল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

