ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, নৌ অবরোধের মাধ্যমে যুদ্ধবিরতি লঙ্ঘন না করলে এবং সব ফ্রন্টে ইসরাইলি কর্মকাণ্ড বন্ধ হলেই একটি ‘পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি’ অর্থবহ হতে পারে।
বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে গালিবাফ এ কথা জানান।
গালিবাফ লিখেছেন, ‘নৌ অবরোধ করে বিশ্ব অর্থনীতিকে জিম্মি করার মাধ্যমে যুদ্ধবিরতি লঙ্ঘন না করলে এবং জায়নবাদীদের সব ফ্রন্টের যুদ্ধংদেহী মনোভাব বন্ধ হলেই একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি অর্থবহ হয়।’
তিনি আরো বলেন, ‘যুদ্ধবিরতির এমন চরম লঙ্ঘনের মধ্যে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া সম্ভব নয়।’
যুক্তরাষ্ট্রের সঙ্গে সর্বশেষ আলোচনায় ইরানি দলের নেতৃত্ব দেওয়া গালিবাফ চাপ প্রয়োগের মাধ্যমে ইরানের কাছ থেকে ছাড় আদায়ের ধারণাও প্রত্যাখ্যান করেছেন। তিনি লিখেছেন, ‘সামরিক আগ্রাসনের মাধ্যমে তারা তাদের লক্ষ্য অর্জন করতে পারেনি, চাপের মুখেও তা পারবে না। একমাত্র পথ হলো ইরানি জাতির অধিকারকে মেনে নেওয়া।’ সূত্র: সিএনএন
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

