রাজধানীর ফার্মগেটের খামারবাড়িতে প্রধানমন্ত্রীর একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার সময় তার গাড়িবহরের নিরাপত্তাবেষ্টনী ভেদ করে মোটরসাইকেল নিয়ে প্রবেশের অভিযোগে মুবিন মাঝি নামে এক যুবককে আটক করেছে পুলিশ। তার গ্রামের বাড়ি বরিশালের বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের রাকুদিয়া এলাকায়।
শনিবার বিকেলে ফার্মগেটের খামারবাড়িতে একটি অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার সময় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, মুবিন মাঝি মোটরসাইকেল নিয়ে নিরাপত্তাবেষ্টনী অতিক্রম করে প্রধানমন্ত্রীর গাড়ির কাছাকাছি চলে যান। একপর্যায়ে তিনি গাড়ির পাশে গিয়ে সালাম দেন। পরে ঘটনাস্থল থেকে পুলিশ তাকে আটক করে।
আটক মুবিন মাঝি দেহেরগতি ইউনিয়নের রাকুদিয়া এলাকার অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ইউনুস মাঝির ছেলে। তার পরিবারের একাধিক সদস্য শিক্ষকতা ও স্থানীয় সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, মুবিনের এক চাচা ইদ্রিস মাঝি অবসরপ্রাপ্ত শিক্ষক। আরেক চাচা প্রয়াত ইউসুফ মাঝি সরকারি আবুল কালাম ডিগ্রি কলেজের ছাত্র সংসদের এজিএস ছিলেন। অপর চাচা শাহিন মাঝি দেহেরগতি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক।
স্থানীয়দের দাবি, মুবিন মাঝি একসময় এলাকায় ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তবে দীর্ঘদিন তিনি প্রবাসে ছিলেন। পরে ঢাকায় ফিরে মোটরসাইকেল রাইড শেয়ারিংয়ের কাজ করতেন। বর্তমানে তিনি স্ত্রী ও এক সন্তান নিয়ে ঢাকায় বসবাস করছেন বলে জানা গেছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মুবিন মাঝিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে কী উদ্দেশ্যে তিনি প্রধানমন্ত্রীর গাড়িবহরের নিরাপত্তাবেষ্টনী ভেদ করে প্রবেশ করেছিলেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

