মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর পরিকল্পিত হামলা স্থগিত করার ঘোষণা দিলেও যুক্তরাষ্ট্র-ইসরাইল ও ইরানের চলমান সংঘাতের দ্রুত অবসান হবে বলে এখনই আশা করা সময়োপযোগী নয়। এমন মন্তব্য করেছেন কাতারের জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের সহযোগী অধ্যাপক পল মাসগ্রেভ।
আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “হয়তো আমরা সংঘাতের সমাপ্তির সূচনার দিকে এগোচ্ছি, কিন্তু এই মুহূর্তে উভয় পক্ষই নিজেদের অবস্থান জোরালোভাবে তুলে ধরছে।” তাঁর মতে, এই অবস্থান প্রদর্শনের বড় অংশই “উত্তেজনাপূর্ণ বক্তব্যের মাধ্যমে” প্রকাশ পাচ্ছে।
মাসগ্রেভ বলেন, যুক্তরাষ্ট্রের প্রশাসন এখন সংঘাতের “সরাসরি প্রভাব” দেশের অভ্যন্তরেই অনুভব করতে শুরু করেছে। এর মধ্যে রয়েছে পেট্রোলিয়াম ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি)-এর দাম বৃদ্ধি।
তিনি আরও বলেন, “যুক্তরাষ্ট্রে সাম্প্রতিক কিছু সাইবার হামলার পেছনে ইরানের সমর্থন থাকতে পারে—এমন গুঞ্জন রয়েছে। যদি তা সত্য হয়, তবে এই যুদ্ধের প্রভাব সরাসরি যুক্তরাষ্ট্রের ভেতরেও পৌঁছে যাচ্ছে।”
তবে তিনি এ দাবির পক্ষে কোনো নিশ্চিত প্রমাণের কথা উল্লেখ করেননি।
মাসগ্রেভ আরও বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প এবং ইরানের সরকার—উভয়ই রাজনৈতিক সময়সূচির বিষয়টি বিবেচনায় রাখছে। তাঁর ভাষায়, “নির্বাচনের সময় ঘনিয়ে আসছে,” এবং আগামী অক্টোবর-নভেম্বর সময়কালে যুক্তরাষ্ট্র ও ইসরাইলে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার বিষয়টি সংশ্লিষ্ট পক্ষগুলোর রাজনৈতিক সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারে।
এসআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


