ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহতের দাবি কুয়েতের সামরিক বাহিনীর

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহতের দাবি কুয়েতের সামরিক বাহিনীর

কুয়েতের সামরিক বাহিনী বুধবার জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ‘শত্রুপক্ষের’ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করছে।

তেলসমৃদ্ধ উপসাগরীয় এই দেশ যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত। 

বিজ্ঞাপন

গত ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানের শীর্ষ সামরিক ও রাজনৈতিক নেতারা নিহত হওয়ার পর থেকে কুয়েত একাধিকবার ইরানি হামলার লক্ষ্যবস্তু হয়েছে।

খবর বার্তা সংস্থা এএফপির।

সামরিক বাহিনী সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বিবৃতিতে জানায়, বিস্ফোরণের যে শব্দ শোনা যাচ্ছে, তা শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা ভূপাতিত করার সময় আকাশ প্রতিরক্ষাব্যবস্থার কার্যক্রমের কারণে হচ্ছে। 

কুয়েতের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা কুনা জানিয়েছে, ওই রাতে দ্বিতীয়বারের মতো দেশজুড়ে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে।

এর আগে সোমবার কুয়েত কর্তৃপক্ষ জানায়, তারা একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিত করেছে। 

পরে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ সব হামলার জন্য ইরানকে সম্পূর্ণভাবে দায়ী করে এবং এ ঘটনাকে জঘন্য হামলা হিসেবে বর্ণনা করে।

অন্যদিকে, মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, তাদের বাহিনী কুয়েতে অবস্থানরত মার্কিন সেনাদের লক্ষ্য করে ছোড়া ইরানের দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সফলভাবে ভূপাতিত করেছে।

সেন্টকম এক্সে প্রকাশিত এক বার্তায় জানায়, ‘ক্ষেপণাস্ত্র দুটি দ্রুত প্রতিহত করা হয়েছে এবং এতে কোনো মার্কিন সেনা হতাহত হননি।’

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন