হরমুজ ইস্যুতে দ্বিমুখী কৌশল গ্রহণ করেছে ইরান

হরমুজ ইস্যুতে দ্বিমুখী কৌশল গ্রহণ করেছে ইরান
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালির ওপর কৌশলগত নিয়ন্ত্রণ বজায় রাখার পাশাপাশি আঞ্চলিক কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে ইরান। এই কৌশলের অংশ হিসেবে ওমানের সঙ্গে চলমান আলোচনা এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে সরকারের উচ্চপর্যায়ে নিশ্চিত করা হয়েছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি মন্ত্রিসভাকে দেওয়া এক ব্রিফিংয়ে জানান, হরমুজ প্রণালি সংক্রান্ত দ্বিপক্ষীয় আলোচনাগুলো শেষ ধাপে পৌঁছেছে। একই সময়ে তিনি আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান এবং পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গে আবারও উচ্চপর্যায়ের ফোনালাপ করেছেন।

বিজ্ঞাপন

অন্যদিকে, ওমানের সঙ্গে আলোচনার লক্ষ্য স্পষ্ট করে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, এই বৈঠকের মূল উদ্দেশ্য সমুদ্রসীমায় জাহাজ চলাচলের জন্য একটি দ্বিপক্ষীয় ফ্রেমওয়ার্ক তৈরি করা। এটি শুধুমাত্র ইরান ও ওমানের স্বার্থ রক্ষার জন্য করা হচ্ছে।

তিনি স্পষ্ট করে দেন যে, এটি যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনার অংশ নয় এবং এর মানে এই নয় যে হরমুজ প্রণালি সরাসরি খুলে দেওয়া হচ্ছে।

মুখপাত্র আরো জোর দিয়ে বলেন, হরমুজ প্রণালির পরিস্থিতি আর আগের যুদ্ধের আগের অবস্থায় ফিরে যাবে না।

তিনি অভিযোগ করেন, নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার আগেই যুক্তরাষ্ট্র ইরানের ওপর সামরিক হামলা চালিয়েছে।

বিশ্লেষকদের মতে, ইরান বর্তমানে একটি দ্বি-মুখী নীতি গ্রহণ করেছে। একদিকে আঞ্চলিক দেশগুলোর সঙ্গে কূটনীতির হাত বাড়িয়ে দিচ্ছে, অন্যদিকে হরমুজ প্রণালির ওপর নিজেদের ভূ-রাজনৈতিক নিয়ন্ত্রণ বজায় রেখে সামরিক শক্তির কার্যকর বার্তা বজায় রাখছে।

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন