পারিবারিক কলহের জেরে স্ত্রীকে বৈদ্যুতিক শক দিয়ে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

পারিবারিক কলহের জেরে স্ত্রীকে বৈদ্যুতিক শক দিয়ে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড
আদালতে হাতকড়া পড়া আসামি

কুমিল্লার চৌদ্দগ্রামে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে বৈদ্যুতিক শক দিয়ে হত্যার দায়ে স্বামী মোহাম্মদ আজাদকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৫ম আদালতের বিচারক মোহাম্মদ সুলতান উদ্দীন প্রধান এ রায় ঘোষণা করেন।

বিজ্ঞাপন

রায় ঘোষণার সময় মোহাম্মদ আজাদ আদালতে উপস্থিত ছিলেন। তিনি চৌদ্দগ্রাম উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বসন্তপুর গ্রামের মো. কবির হোসেনের ছেলে।

মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, মোহাম্মদ আজাদের সঙ্গে তার স্ত্রী তানিয়া বেগমের দীর্ঘদিন ধরে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে ২০২৩ সালের ২৭ জুলাই দিবাগত রাতে আজাদ তার স্ত্রী তানিয়া বেগমের হাত-পায়ে বৈদ্যুতিক তার পেঁচিয়ে শক দেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের মা মায়া বেগম বাদী হয়ে মোহাম্মদ আজাদকে প্রধান আসামি করে চৌদ্দগ্রাম থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে পুলিশ তদন্ত শুরু করে এবং ময়নাতদন্ত প্রতিবেদনসহ বিভিন্ন আলামত ও সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে আদালতে চার্জশিট দাখিল করে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ ও অন্যান্য নথিপত্র পর্যালোচনা করে আদালত আজ আসামি মোহাম্মদ আজাদকে মৃত্যুদণ্ডের আদেশ দেন।

রায় ঘোষণার পর বাদীপক্ষের আইনজীবী মো. এনামুল হক সরকার বলেন, দীর্ঘদিন পর আমরা আদালতের মাধ্যমে ন্যায়বিচার পেয়েছি। একই সঙ্গে তিনি দ্রুত এই রায় কার্যকর করার দাবি জানান। এদিকে রায় ঘোষণার পর আদালত প্রাঙ্গণে বাদীপক্ষের স্বজনদের মধ্যে সন্তোষ প্রকাশ করতে দেখা গেছে।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন