নাট্যাচার্য সেলিম আল দীনে জন্মোৎসব

শুক্রবার শিল্পকলায় ‘হরগজ’র দুটি প্রদর্শনী

শুক্রবার শিল্পকলায় ‘হরগজ’র দুটি প্রদর্শনী

নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী উপলক্ষে নাট্যসংগঠন স্বপ্নদল আয়োজিত তিন দিনব্যাপী ‘নাট্যাচার্য সেলিম আল দীন জন্মোৎসব ২০২৬’-এর অংশ হিসেবে মঞ্চস্থ হতে যাচ্ছে জনপ্রিয় নাটক ‘হরগজ’। আগামীকাল ২১ আগস্ট বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটারে দেশ-বিদেশে সমাদৃত এই প্রযোজনাটির দুটি বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

‘ঐতিহ্যধারায় সম্মুখযাত্রী বাঙলা নাট্যরথ, রবীন্দ্রনাথ-সেলিম আল দীনে পায় পূর্ণতার পথ’—এই স্লোগানকে সামনে রেখে নাট্যাচার্যের জন্ম ও প্রয়াণদিবস স্মরণে এটি স্বপ্নদলের ৩৪তম নিয়মিত উৎসব। উৎসবের সূচনায় গত ১৮ আগস্ট সকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পুরাতন কলাভবন প্রাঙ্গণ থেকে নাট্যাচার্যের সমাধি অভিমুখে স্মরণ-শোভাযাত্রা ও শ্রদ্ধাঞ্জলি নিবেদনের আয়োজন করে দলটি।

বিজ্ঞাপন

উৎসবের সমাপনী দিন ২১ আগস্ট শুক্রবার বিকেল সাড়ে ৫টা এবং সন্ধ্যা সাড়ে ৭টায় স্টুডিও থিয়েটারে সেলিম আল দীনের কালজয়ী সৃষ্টি ‘হরগজ’-এর ৫২ ও ৫৩তম মঞ্চায়ন হবে।

প্রসঙ্গত, ১৯৮৯-এ মানিকগঞ্জ জেলার হরগজ-এ সংঘটিত প্রলয়ংকরী টর্নেডোর অভিজ্ঞতা নিয়ে সেলিম আল দীন ‘হরগজ’ নাটকটি রচনা করেন। প্রায়-আণবিক বিস্ফোরণতুল্য সে ঝড়ের পরে প্রথম-উদ্ধারকারী দলের সেখানে গমন এবং আকৃতির জগৎ থেকে তাদের হঠাৎ নিরাকৃতির জগতে উপস্থিত হওয়ার প্রতিক্রিয়া ও পরিণতি নিয়েই নাটকটি আবর্তিত। কাব্যিক এ প্রযোজনায় মাহানাট্যকার সেলিম আল দীনের সৃজনপরশে শেষ পর্যন্ত হরগজ যেন রূপান্তরিত হয় বিশ্বব্যাপী ভাঙা মানবভুবনের রূপক হিসেবে, যেখানে কোনো মানুষই আর সম্পূর্ণ নেই! ধর্মগ্রন্থের আদলে রচিত ‘হরগজ’-এ নাট্যকার ত্রাণদল প্রধান আবিদের মাধ্যমে এক নব্যকালের যিশুখ্রিস্টকে দৃশ্যমান করেছেন। যে ত্রাণদাতারূপে উপস্থিত হয়ে দুর্গত মানুষের প্রতি সহমর্মিতায় সময়ের ব্যবধানে ক্রমশ নিজেই যেন আর্তে পরিণত হয়। আর এ অভিযাত্রায় দর্শক মুখোমুখি হন এক অভূতপূর্ব অভিজ্ঞতার।

প্রসঙ্গত, বাঙলা ভাষার অত্যন্ত গুরুত্বপূর্ণ নাট্যতাত্ত্বিক-নাট্যকার নাট্যাচার্য সেলিম আল দীন ১৯৪৯-এর ১৮ই আগস্ট জন্মগ্রহণ করেন এবং ১৪ই জানুয়ারি ২০০৮ প্রয়াত হন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন