নাশকতার পরিকল্পনার অভিযোগে ইরানপন্থিদের গ্রেপ্তার করল আরব আমিরাত

আমার দেশ অনলাইন

নাশকতার পরিকল্পনার অভিযোগে ইরানপন্থিদের গ্রেপ্তার করল আরব আমিরাত
প্রতীকী ছবি

সংযুক্ত আরব আমিরাতের জাতীয় নিরাপত্তা ও ঐক্য বিঘ্নিত করার পরিকল্পনায় লিপ্ত একটি ইরানপন্থী ‘সন্ত্রাসী’ চক্রকে দমনের দাবি করেছে দেশটির রাষ্ট্রীয় নিরাপত্তা সংস্থা।

আজ সোমবার এক বিবৃতিতে সংস্থাটি জানায়, নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে ওই চক্রের সদস্যদের গ্রেপ্তার করা হয়েছে।

বিজ্ঞাপন

আমিরাতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ডব্লিউএএম জানিয়েছে, গ্রেপ্তারকৃতরা আমিরাতের অভ্যন্তরে সুপরিকল্পিত নাশকতার মাধ্যমে শান্তি ও সংহতি নষ্ট করার অপচেষ্টা চালাচ্ছিল।

তদন্তে জানা গেছে, এই গোষ্ঠীটি আমিরাতের তরুণদের বিপথে পরিচালিত করে তাদের নিজস্ব এজেন্ডা বাস্তবায়নে ব্যবহার করার পরিকল্পনা করছিল।

নিরাপত্তা সংস্থাটি আরো জানায়, এই চক্রটি আমিরাতের ভেতর থেকে অননুমোদিত উপায়ে তহবিল সংগ্রহ করে তা বিদেশে পাঠাচ্ছিল। এছাড়া তারা বিদেশের বিভিন্ন গোষ্ঠীর সঙ্গে যোগসাজশ রেখে এবং অভ্যন্তরীণ ও আন্তর্জাতিকভাবে গোপন বৈঠক করে নাশকতার প্রস্তুতি নিচ্ছিল।

সংস্থাটির দাবি অনুযায়ী, ওই গোষ্ঠীটি আমিরাতের গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল স্থানগুলোতে অনুপ্রবেশ এবং বড় ধরনের হামলা চালানোর লক্ষ্যে তরুণদের উদ্বুদ্ধ করছিল। তাদের বিরুদ্ধে ‘একটি গোপন সংগঠন পরিচালনা, বিদেশি শক্তির প্রতি আনুগত্য প্রকাশ এবং জাতীয় ঐক্য ও স্থিতিশীলতা বিনষ্ট করার’ অভিযোগ আনা হয়েছে।

উল্লেখ্য, গত মাসেই আমিরাত হিজবুল্লাহ ও ইরানপন্থি একটি অর্থ পাচারকারী চক্র দমনের দাবি করেছিল। নতুন করে এই নাশকতার পরিকল্পনা নস্যাৎ করার ঘটনা এমন এক সময়ে ঘটল যখন ওই অঞ্চলে ভূ-রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে।

দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষায় তারা কোনো ধরনের বিদেশি হস্তক্ষেপ বরদাশত করবে না বলে জানিয়েছে আমিরাত সরকার।

সূত্র : আল-জাজিরা

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন