নওগাঁর ধামইরহাট উপজেলায় মাত্র ২০০ টাকার বিনিময়ে কারেন্ট জাল বন্ধক রাখাকে কেন্দ্র করে প্রতিবেশীর হামলায় মোস্তাকিন হোসেন (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার দুপুরে উপজেলার জাহানপুর ইউনিয়নের বড় শিবপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মোস্তাকিন ওই এলাকার বেলাল হোসেনের ছেলে।
এ ঘটনায় মাত্র পাঁচ ঘণ্টার মধ্যে পাঁচজনকে গ্রেপ্তার করেছে ধামইরহাট থানা পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বড় শিবপুর এলাকার রতন হোসেন (২২), সাইদুল ইসলাম (২৪), মো. হাসান (১৪), রোকেয়া বেগম (৫৫) ও জাকিয়া বেগম (১৯)।
ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান জানান, কয়েক দিন আগে মাত্র ২০০ টাকার বিনিময়ে মাছ ধরার জন্য কারেন্ট জাল বন্ধক রাখেন মোস্তাকিন। ওই জাল বন্ধক রাখাকে কেন্দ্র করে বুধবার একই এলাকার আব্দুল জলিলের তিন ছেলে, স্ত্রী ও পুত্রবধূর সঙ্গে তার বিরোধ হয়। একপর্যায়ে তারা ধারালো হাসুয়া, সাবল ও লাঠি দিয়ে মোস্তাকিনকে মারধর করেন।
পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়দের সহযোগিতায় সন্ধ্যায় মোস্তাকিনকে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি আরও জানান, এ ঘটনায় নিহতের বোন বেলী খাতুন রাতে ধামইরহাট থানায় একটি হত্যা মামলা করেন। পরে প্রায় পাঁচ ঘণ্টার মধ্যে থানা পুলিশের একটি চৌকস দল উপজেলার সাহাপুর ও আংরত-কলোনি এলাকায় অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করে।
এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি সাবল উদ্ধার করা হয়। বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তার আসামিদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

