গাজীপুরের শ্রীপুর উপজেলার মুলাইদ ইলিমবাড়ি মোড় এলাকায় জলাবদ্ধ গর্তের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টার দিকে নিখোঁজ হওয়ার পর বিকেল সাড়ে ৫টার দিকে এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের লাশ উদ্ধার করেন।
তারা হলো—ময়মনসিংহের তারাকান্দা উপজেলার মামুন মিয়ার ছেলে জুনায়েদ (৯)। তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। অপরজন ইউসুফ (৯), মুন্সীগঞ্জের এমদাদুল হকের ছেলে। মাদরাসা শিক্ষার্থী।
স্থানীয় সূত্রে জানা যায়, মুলাইদ ইলিমবাড়ি মোড় এলাকায় জলাবদ্ধ একটি গর্তে পড়ে দুই শিশু নিখোঁজ হয়।
পরে পরিবারের সদস্যরা তাদের খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে মাওনা ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার অভিযান শুরু করেন। প্রায় সাড়ে ছয় ঘণ্টা পর বিকেল সাড়ে ৫টার দিকে পানির নিচ থেকে দুই শিশুর লাশ উদ্ধার করা হয়।
মাওনা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার খাইরুল আলম বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি চালিয়ে দুই শিশুর লাশ উদ্ধার করেন। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ বা দাবি না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ শাহীনুর আলম বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ উদ্ধারের পর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

