সুন্দরবনে নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে মাছ শিকারের অভিযোগে পশ্চিম সাতক্ষীরা রেঞ্জের কলাগাছিয়া নদী থেকে চার জেলেকে আটক করেছে বন বিভাগ। এ সময় একটি ডিঙি নৌকা, মাছ ও বিভিন্ন ধরনের জালসহ মাছ ধরার নানা সরঞ্জাম জব্দ করা হয়।
সোমবার রাত সাড়ে ১১টার দিকে কলাগাছিয়া নদীর লেবুবুনিয়ার খাল এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে মঙ্গলবার দুপুরে আটক জেলেদের সাতক্ষীরা বন আদালতে সোপর্দ করা হয়। শুনানি শেষে আদালত বিকেল ৫টা ৪৭ মিনিটে তাদের সাতক্ষীরা জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আটক জেলেরা হলেন—শ্যামনগর উপজেলার গাবুরা গ্রামের মোস্তফা গাজী (৬৪), মাহফুজুর রহমান (৪০), আল-আমিন গাজী (৪০) ও ইয়ারুজ্জামান ঘরামী (৪৩)।
বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা (এসও) এরফান উদ্দিন জানান, সুন্দরবনে প্রবেশে নিষেধাজ্ঞা চলাকালে বন বিভাগের একটি বিশেষ টিম অভিযান চালিয়ে অবৈধভাবে মাছ শিকারের সময় চার জেলেকে একটি ডিঙি নৌকাসহ আটক করে। এ সময় তাদের কাছ থেকে আনুমানিক ৩০ কেজি চিংড়ি, ১৩৭ কেজি সাদা মাছ, একটি খালপাটা জাল, একটি বেন্দি জাল, পাঁচটি পানির ড্রাম, একটি হুইল, দুটি বৈঠা, তিনটি দা ও একটি কাটা ড্রাম জব্দ করা হয়।
তিনি আরো জানান, সুন্দরবনের জীববৈচিত্র্য ও মৎস্যসম্পদ রক্ষায় নিষেধাজ্ঞা অমান্য করে বনাঞ্চলে প্রবেশ এবং মাছ শিকারের বিরুদ্ধে বন বিভাগের অভিযান অব্যাহত থাকবে।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

