হরমুজ প্রণালিতে দুটি সুপার ট্যাংকারে হামলা চালিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। সতর্কবার্তা উপেক্ষা করে চলাচল করায় এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে আইআরজিসি।
মঙ্গলবার আইআরজিসির বিবৃতির বরাতে ইরানের আধা সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) জানিয়েছিল, ওমানের সমুদ্রসীমার হরমুজ প্রণালিতে ইরান তাদের দুটি তেলবাহী ট্যাংকার লক্ষ্য করে হামলা চালিয়েছে। এই হামলায় অন্তত একজন ভারতীয় নাবিক নিহত হয়েছেন। আমিরাতের এই দাবির কয়েক ঘণ্টা পর আইআরজিসি হামলার কথা স্বীকার করেছে।
ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবিতে প্রচারিত এক বিবৃতিতে আইআরজিসি বলেছে, ‘বিপথগামী’ ট্যাংকারগুলো তাদের নেভিগেশন সিস্টেম বন্ধ করে চলাচল করছিল। তারা ওমানের সমুদ্রসীমার দক্ষিণ দিকে যুক্তরাষ্ট্রের নির্দেশনা অনুযায়ী চলার চেষ্টা করছিল।
বিবৃতিতে আরো বলা হয়েছে, ট্যাংকারগুলো বারবার দেওয়া সতর্কবার্তা উপেক্ষা করেছিল। হামলার পর জাহাজ দুটি অচল হয়ে পড়েছে।
এর আগে ইরানের বিরুদ্ধে হরমুজ প্রণালিতে আবারও অবরোধ পুনর্বহাল করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হরমুজ প্রণালিতে ইরানের ওপর অবরোধ পুনরায় আরোপ করা হয়েছে। এই নৌপথে নিরাপদ চলাচল নিশ্চিত করতে জাহাজগুলোর কাছ থেকে যুক্তরাষ্ট্র অর্থ আদায় করবে।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘হরমুজ প্রণালির অভিভাবক’ হিসেবে যুক্তরাষ্ট্র আবির্ভূত হবে।
তিনি আরো লিখেছেন, ন্যায্যতার খাতিরে বিশ্বের এই অত্যন্ত অস্থিতিশীল অঞ্চলে নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যয়ের জন্য কার্গোর ওপর ২০ শতাংশ হারে অর্থ আদায় করা হবে। এই প্রক্রিয়া অবিলম্বে শুরু হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

