আলজাজিরার বিশ্লেষণ

ইসরাইলের নির্বাচনে ‘কিং মেকার’ হতে পারে আরব দলগুলো

ইসরাইলের নির্বাচনে ‘কিং মেকার’ হতে পারে আরব দলগুলো
ছবি: সংগৃহীত

ইসরাইলের আগামী ২৭ অক্টোবরের নির্বাচনে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও বিরোধী জোটের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিচ্ছে জনমত জরিপ। ১২০ আসনের পার্লামেন্টে কোনো পক্ষই একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে না পারলে ফিলিস্তিনি বংশোদ্ভূত নাগরিকদের প্রতিনিধিত্বকারী রা’আম ও জয়েন্ট লিস্ট দল দুটি সরকার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। দল দুটি সম্মিলিতভাবে ১৩টি আসন পেতে পারে বলে পূর্বাভাস রয়েছে।

২০২১ সালে রা’আম’ ইতিহাস সৃষ্টি করেছিল। একটি বৃহত্তর জোটে যোগ দিয়ে প্রথম আরব দল হিসেবে ইসরাইলি সরকারের অংশ হয়েছিল তারা। এর ফলে সাময়িকভাবে নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরে যেতে হয়েছিল।

বিজ্ঞাপন

দলটির নেতা মানসুর আব্বাস এবারও বিভিন্ন রাজনৈতিক শিবিরের সঙ্গে দর-কষাকষির সুযোগ ধরে রাখতে চান। তবে নেতানিয়াহু ও প্রধান বিরোধী নেতারা আরব দলগুলোর সঙ্গে সরকার গঠনের সম্ভাবনা নাকচ করেছেন। অন্যদিকে, নেতানিয়াহুর লিকুদ পার্টি প্রচারণায় দাবি করছে, তিনি ক্ষমতাচ্যুত হলে আরব দলগুলোই বিরোধী সরকারের ভাগ্য নির্ধারণ করবে।

জনমত জরিপগুলোতে দেখা গেছে যে, নেতানিয়াহুর ‘লিকুদ’ পার্টি এবং তার নেতৃত্বাধীন কট্টর ডানপন্থি জোটের সঙ্গে জায়নবাদী বিরোধী জোটের হাড্ডাহাড্ডি লড়াই চলছে। ১২০ সদস্যবিশিষ্ট ইসরাইলি পার্লামেন্টে কোনো পক্ষই একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার অবস্থানে নেই।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর ইসরাইলের রাজনীতিতে ডানপন্থিদের প্রভাব আরো বেড়েছে। আরব দলগুলোকে ওই হামলার সঙ্গে সম্পৃক্ত হিসেবে তুলে ধরার চেষ্টা চলছে। সেপ্টেম্বরে ইসরাইলের কেন্দ্রীয় নির্বাচন কমিটি রা’আম ও জয়েন্ট লিস্টকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করলেও ২ অক্টোবর সুপ্রিম কোর্ট সেই সিদ্ধান্ত বাতিল করে।

নির্বাচনে নেতানিয়াহুর দীর্ঘদিনের মিত্র অতি-গোঁড়া ইহুদি দল শাস ও ইউনাইটেড তোরাহ জুডাইজমও চাপের মুখে রয়েছে। বাধ্যতামূলক সামরিক নিয়োগ থেকে ধর্মীয় শিক্ষার্থীদের অব্যাহতি এবং সরকারি ভর্তুকি নিশ্চিত করার দাবিতে দল দুটির সঙ্গে লিকুদের বিরোধ তৈরি হয়েছে। বিরোধীরা তাদের বিরুদ্ধে সামরিক দায়িত্ব এড়ানো ও বিপুল রাষ্ট্রীয় সুবিধা ভোগের অভিযোগ তুলেছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনের পর সরকার গঠনে আরব দল ও কট্টর ইহুদি দলগুলোর সমর্থন গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। তবে এসব দলের সঙ্গে জোট বা সমঝোতা করতে গিয়ে প্রধান রাজনৈতিক দলগুলোকে নিজেদের নির্বাচনী প্রতিশ্রুতি ও সমর্থকদের প্রত্যাশার মধ্যে কঠিন ভারসাম্য রক্ষা করতে হবে।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন